২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানী পরিণত হয়েছিল মিছিলের নগরীতে

মে দিবস উপলক্ষে পল্টন ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রমিক সমাবেশকে সামনে রেখে শুক্রবার রাজধানী ঢাকা কার্যত পরিণত হয়েছিল মিছিলের নগরীতে। বিশেষ করে রাজধানীর প্রাণকেন্দ্র পল্টন, গুলিস্তান, মতিঝিল ও কাকরাইল এলাকা ছিল মিছিলকারীদের শ্লোগানে মুখরিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মে দিবস উপলক্ষে পল্টন ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রমিক সমাবেশকে সামনে রেখে শুক্রবার রাজধানী ঢাকা কার্যত পরিণত হয়েছিল মিছিলের নগরীতে। বিশেষ করে রাজধানীর প্রাণকেন্দ্র পল্টন, গুলিস্তান, মতিঝিল ও কাকরাইল এলাকা ছিল মিছিলকারীদের শ্লোগানে মুখরিত। শুক্রবার বিকালে পল্টনে শ্রমিক লীগের জনসভায় যোগ দিতে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্তথেকে একের পর এক মিছিল আসতে শুরু করে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকেও বেশ কয়েকটি মিছিল আসে। মিছিলে শ্রমিক লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, হকার্স লীগসহ বিভিন্ন সংগঠনের কর্মিরা অংশ নেয়। প্রতিটি মিছিলের সামনে ছিল নিজেদের সংগঠনের নাম ও শ্লোগান সম্বলিত ব্যানার। অনেকের হতে ছিল প্ল্যাকার্ড। এতে মহান মে দিবসকে সফল করার আহবান জানানোর পাশাপাশি আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান লেখা ছিল। কারও কারও বুকে লাগানো ব্যাজে মহান মে দিবসের সাফল্য কামনা ছাড়াও লেখা ছিল শ্রমিকদের দাবি-দাওয়ার কথা। মিছিলকারীরা 'জয় বাংলা', 'জয় বঙ্গবন্ধু', 'তোমার নেতা আমার নেতা, শেখ হাসিনা শেখ হাসিনা', 'দিনবদলের অঙ্গীকার, তোমার আমার দরকার' ইত্যাদি শ্লোগান দেয়। বিকাল সাড়ে চারটার দিকেও মিছিল করে বিভিন্ন সংগঠনের কর্মিদের সমাবেশস্থলের দিকে যেতে দেখা যায়। মহসিন নামের এক মিছিলকারী জানান, তিনি উত্তরা থেকে এসেছেন। কয়েকটি বাসে করে তারা হোটেল শেরাটনের সামনে নামেন। এরপর মিছিল করে তারা সমাবেশস্থলের দিকে যাচ্ছেন। নিরাপত্তার কারণে পল্টন ও এর আশেপাশের সব রাস্তায় যানবাহন চলাচল সকাল থেকে বন্ধ করে দেয় পুলিশ। ঢাকার বাইরে থেকে যারা গাড়ি নিয়ে এসেছেন, তারা শাহবাগ, কাকরাইল ও কমলাপুরে গাড়ি বা বাস রেখে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। দুপুরের পর থেকেই মিছিলের কারণে কারওয়ান বাজার, কাকরাইল, যাত্রাবাড়ী ও পুরনো ঢাকার বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে যায়। তবে সরকারি ছুটির দিন হওয়ায় এতে কারো খুব একটা সমস্যা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/১৯৪৮ ঘ.