ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহান মে দিবস শুক্রবার। শ্রমিকের অধিকার আদায়ের রক্তস্নাত ঐতিহাসিক ঘটনার দিন।
আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সারা বিশ্বের মেহনতি মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশেও শ্রমজীবীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছেন।
কর্মসূচির মধ্যে রয়েছে লাল পতাকা হাতে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী। বিকালে পল্টন ময়দানে শ্রমিক লীগের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।
মে দিবস উপলক্ষে শুক্রবার সরকারি ছুটি। বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়গুলোতে লাল পতাকা উত্তোলন করা হবে। এছাড়া দেশের সব শিল্প-কারখানা বন্ধ থাকবে।
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবিতে আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে যুক্তরাষ্ট্র সরকার মালিক পক্ষের উস্কানিতে শ্রমিকদের ওপর গুলি চালায়। আপসহীন দশ শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য।
এতে শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। অবশেষে জনগণের প্রবল চাপের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের কাজের সময় আট ঘণ্টা নির্ধারণ করতে বাধ্য হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের মহান অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়।
১৮৯০ সাল থেকে সারা বিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে 'মে দিবস' পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বাণী দিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ-সংগঠন শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
মে দিবস উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, বিকল্পধারা বাংলাদেশ সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, রাজনীতিবিদ আবদুল মান্নান ভূঁইয়া শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানান।
এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ মে দিবসে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও মে দিবসের মেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/০০০০ ঘ.
bdnews24