ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভিয়েন ও মানব শরীরে ছড়িয়ে পড়া বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা নিয়ে গণমাধ্যম কর্মীদের দু'দিনের কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে।
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) আর্থিক সহায়তায় কর্মশালার আয়োজন করে 'ভয়েস অব আমেরিকা'।
সমাপনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের ২৩ সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত জেমস এফ. মরিয়ার্টি।
'এভিয়েন অ্যান্ড হিউম্যান প্যানডেমিক ইনফ্লুয়েঞ্জা: গেটিং দ্য স্টোরি' শীর্ষক কর্মশালায় যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ড্যান রুটস, ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহিউদ্দিন হায়দার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সিএস করিম এবং ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান ইকবাল চৌধুরীসহ দেশের পোলট্রি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন প্রশিক্ষণ দেন।
বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা, বাংলাদেশে এভিয়েন ইনফ্লুয়েঞ্জার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে মানব শরীরে ছড়িয়ে পরা ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়া এভিয়েন ইনফ্লুয়েঞ্জার অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিণতি নিয়েও কর্মশালায় আলোচনা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএনএস/টিআর/২৩০৫ ঘ.
bdnews24