২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক নদীর পানি সমস্যা সমাধানে ক্ষমতাসীন, বিরোধী দলের গুরুত্বারোপ

আন্তর্জাতিক নদ-নদীর পানি নিয়ে সমস্যা সমাধানে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে ক্ষমতাসীন ও বিরোধী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক নদ-নদীর পানি নিয়ে সমস্যা সমাধানে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে ক্ষমতাসীন ও বিরোধী দল। বৃহস্পতিবার 'পানি নিরাপত্তাঃ বিরোধ ও সহযোগিতা' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রাজ্জাক ও বিএনপি সাংসদ মওদুদ আহমদ এই গুরুত্ব আরোপ করেন। জাতীয় প্রেস ক্লাবে বিকালে গ্লোবাল লেজিসলেটর্স অর্গানাইজেশন ফর ব্যালান্স ওর্য়াল্ড ও কোস্টাল এরিয়া রির্সোসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত বৈঠকে পানি সম্পদ বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা টিপাইমুখে ভারতের অংশে বাঁধ নির্মাণ পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে তা বন্ধেরও দাবি জানান। তারা এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোরও অনুরোধ করেন। সাবেক পানি সম্পদমন্ত্রী আবদুর রাজ্জাক পানি সমস্যা সমাধান প্রসঙ্গে বলেন, ''এ বিষয়ে আমাদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে। দলমতের উর্ধ্বে উঠে প্রাধান্য দিতে হবে জাতীয় স্বার্থের ওপর।'' নদ-নদীর পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য নদী খনন করতে হবে বলে জানিয়ে তিনি বলেন, গঙ্গা বাঁধ নির্মাণ করে পানি সংরক্ষণ করতে হবে। বিএনপি নেতা মওদুদ আহমেদ পানি সমস্যা সমাধানে সরকারকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ''পানি সমস্যার ওপর আমাদের অগ্রাধিকার দিতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে পানি সমস্যা ও আমাদের ন্যায্য হিস্যা নিশ্চিত করার জন্য ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যদের নিয়ে একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করা যেতে পারে।" গ্লোবাল লেজিসলেটর্স অর্গানাইজেশন ফর ও ব্যালান্স ওয়ার্ল্ডের সভাপতি হাসনা মওদুদের সঞ্চালনে অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ, ডেনিস দূতাবাসের কাউন্সিলর মার্টিন বো ব্রান্ডার, পানি সম্পদ বিশেষজ্ঞ ড. সাজ্জাদুর রশীদ, তৌহিদুল আনোয়ার খান, ড, আজহারুল ইসলাম, ড. জাকির হোসেন, ড. এম এ মতিন, আতাউর রহমান, অধ্যাপিকা নুরজাহান প্রমূখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/২২২৯ ঘ.