২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকা চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্থানে কর্মীদের মানববন্ধন

কর্মীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে বেসরকারি সংস্থা (এনজিও) প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের পদত্যাগসহ ১৯ দফা দাবিতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে সংস্থার কর্মীরা মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর্মীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে বেসরকারি সংস্থা (এনজিও) প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের পদত্যাগসহ ১৯ দফা দাবিতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে সংস্থার কর্মীরা মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন। কর্মীরা অভিযোগ করেছেন, সংস্থার চেয়ারম্যান কাজী ফারুক একতরফা সিদ্ধান্ত নিয়ে প্রশিকার কার্যক্রম বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছেন। তিনি 'ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন' নামের একটি রাজনৈতিক দল গঠন করে সংস্থার বিপুল পরিমাণ অর্থ তছরুপ করেছেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে খুলনার দুটি আসনসহ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান কাজী ফারুক। বুধবার সকালে ১৯ দফা দাবিতে রাজধানীর মিরপুর-২ এ প্রশিকার প্রধান কার্যালয়ের সামনে দুই ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন সংস্থার সহস্রাধিক কর্মী। এর তারা কর্মবিরতি শুরু করেন। বর্তমান পরিস্থিতিতে প্রশিকার সব কর্মকাণ্ড পরিচালনার জন্য চারটি বিভাগের সমন্বয়ে একটি পরিচালনা পর্যদ গঠন করেছেন কর্মীরা। তবে অভিযোগ অস্বীকার করে কাজী ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, এদের সব দাবি মিথ্যা। কোন বেতন বকেয়া নেই, তহবিল তছরুপ বা কোন স্বজনপ্রীতি করা হয়নি। বিএনপি-জামায়াতের সহযোগিতায় বাইরের মদদে কিছু লোক প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর ডাক বাংলা মোড় থেকে মোরীঘাট মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রশিকার কর্মীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বিভাগীয় সমন্বয়ক শাহাদত হোসেন। গোপালগঞ্জ: বিকাল ৪টা থেকে শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব এলাকায় প্রশিকা কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলে এ মানববন্ধন। মানববন্ধনে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উন্নয়ন এলাকার শত শত কর্মী অংশ নেন। কর্মীরা ১৯ দফা দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেন তারা। এ সময় প্রশিকার বিভাগীয় সমন্বয়কারী রাশেদা বেগম, এলাকা সমন্বয়কারী মো. সামসুল হুদাসহ এলাকা সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন। ফরিদপুর: বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কবুতর চত্বরে মানববন্ধন শেষে প্রশিকার শতাধিক কর্মী ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেন। পরে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- এলাকা সমন্বয়ক মৃদুলকান্তি রায়। মাদারীপুর: সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রশিকা মাদারীপুর ও কালকিনি উন্নয়ন এলাকার কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেন। পরে স্বাধীনতা অঙ্গনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন- মাদারীপুর অঞ্চলের সমন্বয়ক শারমিন জাহান, কালকিনি ডামুড্যা অঞ্চলের সমন্বয়ক মো. আসাদুজ্জামান, এলাকা সমন্বয়ক শাহাদাত হোসেন, শিবশংকর সাহা, সাইদুর রহমান, মির্জা শাহরিয়ার দিবস (শিশু) প্রমুখ। নাটোর: সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কর্মীরা। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেন। বিভিন্ন অভিযোগ ও দাবি তুলে ধরে কর্মীরা দুপুরে নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। নড়াইল: প্রশিকার নড়াইল উন্নয়ন এলাকার কর্মকর্তা ও কর্মচারীরা শহরের আদালত সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। কর্মসুচিতে প্রশিকার বিভাগীয় সমন্বয়কারী মো. নাছির উদ্দিন খান, নড়াইল এলাকা সমন্বয়কারী মো. আজিজুল হকের নেতৃত্বে নড়াইল অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। নীলফামারী: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নীলফামারীর শহরের স্মৃতি অম্লান পাদদেশে মানববন্ধন করেন প্রশিকার কর্মীরা। কর্মসুচিতে নীলফামারী, ডোমার ও সৈয়দপুর উন্নয়ন এলাকার প্রশিকার কর্মীরা অংশ নেন। টাঙ্গাইল: সকাল ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মীরা। কর্মসূচি শেষে স্মারকলিপি দেওয়া হয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রকে। এ সময় উপস্থিত ছিলেন- বিভাগীয় সমন্বয়ক আমীর আহাম্মেদ, হারুর অর রশিদ ও জাকির হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.