২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে ডব্লিউ রহমান পাটকলে শ্রমিকদের হামলা-ভাংচুর

বকেয়া বেতন-ভাতার দাবিতে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের ডব্লিউ রহমান পাটকলে হামলা ও ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা। শ্রমিকরা কারখানার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) গিয়াসউদ্দিন পালোয়ানের বাসায়ও হামলা করে এবং ভাঙচুর চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

চাঁদপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন-ভাতার দাবিতে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের ডব্লিউ রহমান পাটকলে হামলা ও ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা। শ্রমিকরা কারখানার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) গিয়াসউদ্দিন পালোয়ানের বাসায়ও হামলা করে এবং ভাঙচুর চালায়। তবে এ ঘটনায় কেউ হতাহত বা আটক হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চাঁদপুর পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকার। পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোস্তফা জানান, শ্রমিকরা ডিজিএম'র বাসায় ইটপাটকেল ছোড়ে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, দেড় সপ্তাহ আগেই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু শ্রমিকরা নয়দিনের বেতন-ভাতা পাওনা রয়েছেন। সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা হয়েছে। আগামী বুধবারের মধ্যে তাদের পাওনা পরিশোধ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা নুরুল ইসলাম মিয়াজী, নান্নু মিয়াজী ও বাবুল মজুমদার। কারখানার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিজিএম গিয়াসউদ্দিনসহ অন্যান্যরা। ডব্লিউ রহমান জুট মিলটি ভাড়া নিয়ে চালিয়ে আসছিল এশিয়া জুটি মিল। দেড় সপ্তাহ আগে এশিয়া জুট মিল কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.