ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবার ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের বিরুদ্ধে দায়ের করা মোট ৩০টি মামলাকে 'রাজনৈতিক হয়রানিমূলক' দাবি করে এগুলো প্রত্যাহারের আবেদন করা হয়েছে।
আসামিদের পক্ষে বৃহস্পতিবার দুপুরে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে একদল আইনজীবী ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এই আবেদন জমা দেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়ার পরিবারসহ তার দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়।
এর মধ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ৪টি, তার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির ১১টি, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার (মানি লন্ডারিং) ও চাঁদাবাজির অভিযোগে ৫টি, সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের বিরুদ্ধে ৬টি, খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে ২টি এবং কোকোর শ্যালক মোস্তাকিন রেজা ও মুত্তাকিন রেজার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
এ ব্যাপারে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলা যেভাবে প্রত্যাহার করা হবে, সরকারের উচিত হবে খালেদা জিয়ার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোও সেভাবে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।"
এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ১০টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনা করে প্রত্যাহারের আবেদন করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেটের বিচার শাখার অফিস সহকারী নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ৩০টি মামলা ছাড়া এ পর্যন্ত ১ হাজার ৩৯ টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। এদের মধ্যে কাজ শেষে ৫৭টি মামলা মন্ত্রণালয়ে এবং ৪শ' মামলা ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।"
নিম্ন আদালতে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোকোর বিরুদ্ধে দায়ের করা অর্থ পাচারের মামলা ছাড়া খালেদা জিয়ার পরিবারের বিরুদ্ধে দায়ের করা সব মামলা হাইকোর্টে স্থগিত রয়েছে। এগুলো প্রত্যাহারে বৃহস্পতিবার আবেদন করা হয়েছে।"
আওয়ামী লীগ সরকার গঠনের পর গত ফেব্র"য়ারি মাসের শেষ দিকে তত্ত্বাধায়ক সরকার আমলে 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের জন্য আইনি উদ্যোগ নেয়। এর পর থেকে প্রায় প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এএল/জিএনএ/১৯১৬ ঘ.
bdnews24