২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধপরাধ মামলায় জামায়াত নেতা আজাদের জামিন

যুদ্ধপরাধ মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ আবুল কালাম আজাদ ও তার শ্যালক মোহাম্মদ কাজীকে ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। সেইসঙ্গে এ মামলায় তাদের কেন স্থায়ী আগাম জামিন মঞ্জুর করা হবে না তার কারণ জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুদ্ধপরাধ মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ আবুল কালাম আজাদ ও তার শ্যালক মোহাম্মদ কাজীকে ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। সেইসঙ্গে এ মামলায় তাদের কেন স্থায়ী আগাম জামিন মঞ্জুর করা হবে না তার কারণ জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। বুধবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মারযি-উল-হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজাদ ও তার শ্যালকের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। গত ২০ এপ্রিল ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের ভক্তরঞ্জন বিশ্বাস সালথা থানায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আজাদ ও তার শ্যালকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলার সময় হত্যা, লুন্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। তাদের পক্ষে আগাম জামিন আবেদনের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩০০ ঘ.