২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় ২৫ রাজাকারের বিরুদ্ধে মামলা

১৯৭১ সালে যুদ্ধাপরাধের অভিযোগে জামালপুর, সাতক্ষীরা, বগুড়া ও নেত্রকোনায় ২৫ রাজাকারের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে জামালপুরে ৬ জন, সাতক্ষীরায় ১৩ জন, বগুড়া ৩ জন ও নেত্রকোনায় ৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 04:52 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৯৭১ সালে যুদ্ধাপরাধের অভিযোগে জামালপুর, সাতক্ষীরা, বগুড়া ও নেত্রকোনায় ২৫ রাজাকারের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে জামালপুরে ৬ জন, সাতক্ষীরায় ১৩ জন, বগুড়া ৩ জন ও নেত্রকোনায় ৩ জন। মামলায় আসামিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো খবর- জামালপুর: যুদ্ধাপরাধের অভিযোগে জামালপুরের একটি আদালতে ৬ রাজাকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শহরের কম্পপুর এলাকার শহীদ মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের স্ত্রী ছাহেরা বেওয়া বুধবার মামলাটি দায়ের করেন। এজন্য বিবাদীরা তার মক্কেলকে হত্যার হুমকি দিচ্ছে বলে বাদীর আইনজীবী জানিয়েছেন। মামলার এজাহারে এই ছয়জনকে 'রাজাকার' বলে অভিহিত করা হয়। এতে বলা হয়, সুরুজ মাস্টার, গিয়াস উদ্দিন (১), জালাল বেপারী, ইস্রাফিল বেপারী, শাহজামাল ও গিয়াস উদ্দিন (২) নামের ছয় 'রাজাকার' ১৯৭১ সালের ১৭ মে রাতে তার স্বামী জালাল উদ্দিনকে ধরে পিটিআই ক্যাম্পে নিয়ে যায়। এরপর তিনদিন ধরে আমানুষিক নির্যাতনের পর হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় সেখানকার সেফটিক ট্যাংকে। মামলার বাদী বলেন, এতদিন এ ব্যাপারে মামলা করার কোনো পরিবেশ ছিল না। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের ঘোষণা দেওয়ায় তিনি মামলাটি দায়ের করেন। জামালপুরের অতিরিক্ত প্রধান বিচার বিভাগীয় হাকিম ফজলে খোদা নাজির মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর থানাকে নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী আনোয়ার হোসেন অভিযোগ করেছেন, মামলার প্রস্তুতির সময় থেকেই আসামি পক্ষ বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, আদালতের নির্দেশে মামলাটির তদন্ত শুরু হয়েছে। সাতক্ষীরা: ১৯৭১ সালে হত্যার অভিযোগে সাতক্ষীরায় ১৩ 'রাজাকার'র বিরুদ্ধে বুধবার আদালতে মামলা হয়েছে। সাতক্ষীরার বিচার বিভাগীয় হাকিম হুমায়ূন কবিরের আদালতে মামলাটি করেন শহীদ মুক্তিযোদ্ধা নূরমান শেখের মেয়ে শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের কুলসুম বিবি। বিচারক মামলাটি এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হল- শ্যামনগর উপজেলার ঘোলা গ্রামের আবুল কাশেম গাজী, রজব আলী মোল্লা, আব্দুল মালেক সরদার, নাসির উদ্দীন গাজী, আব্দুল করিম মোল্লা, মুনসুর আলী শেখ, কাশিমারি গ্রামের মোফাজ্জেল মিস্ত্রি, করিম সরদার, জামাল উদ্দীন মোড়ল, ইউসুফ আলী সরদার, জয়নগর গ্রামের একরামুল মোল্লা, নূর আহম্মদ মোড়ল ও শের আলী পাড়। মমলায় আসামিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। মামলার এজাহারে বলা হয়, চিহ্নিত রাজাকার, পাকিস্তানি হানাদারদের দোসর, নরহত্যাকারী, লুণ্ঠনকারী, নারী ধর্ষণকারী ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী আসামিরা ১৯৭১ সালের ৪ নভেম্বর বাদীর বাবা মুক্তিযোদ্ধা নূরমান শেখকে পিছমোড়া বেঁধে চুনানদীর তীরে টেপাখালিতে নিয়ে গুলি করে হত্যা করে। বগুড়া: হত্যার অভিযোগে বগুড়ায় তিন রাজাকারের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. জিয়াউর রহমানের আদালতে মামলাটি করেন বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামের মো. রেজাউল বারী সরকার। আসামিরা হল- বগুড়া শহরের সূত্রাপুরের রফিক খানের তিন ছেলে মো. আবু বক্কর খা (৫৯), মো. কাশেম খা (৫৪) ও বেলাল খা (৫১)। বিচারক গাবতলী থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ১৭ নভেম্বর সকালে রফিক খানের হুকুমে পাক বাহিনীর সদস্যদের সঙ্গে আসমিরা (তার তিন ছেলে) মিলে আব্দুস সাত্তার ও তার ভাই (বাদীর চাচা) জালাল সরকারকে গুলি ও বেয়নেট দিয়ে হত্যা করে। এ সময় বক্কর খাঁ ১২ হাজার টাকা এবং ১০ ভরি সোনা লুট করে। কাশেম খাঁ দু'টি বড় ছাগল পাক বাহিনীর হাতে তুলে দেয় এবং বাড়িতে আগুন দেয়। নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার তিন রাজাকারের বিরুদ্ধে 'যুদ্ধাপরাধ'র অভিযোগে বুধবার আদালতে মামলা হয়েছে। নেত্রকোনার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম শাহাদাৎ হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন পূর্বধলার শালদীঘা গ্রামের নিহত মুক্তিযোদ্ধা শহর আলী তালুকদারের স্ত্রী উকিলের মা। আসামিরা হল- পূর্বধলার শালদীঘা গ্রামের আবুল হাসিম (৭৫), কাজিম উদ্দিন (৬৫) ও আব্দুল গফুর (৬০)। মামলায় আসামিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। এজাহারে বলা হয়, স্বাধীনতা যুদ্ধ চলাকালীন শালদীঘা গ্রামের শহর আলী তালুকদার মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭১ সনের ৩ ডিসেম্বর রাজাকার-আল বদর আবুল হাসিম, কাজিম উদ্দিন ও আব্দুল গফুর পাক বাহিনীর কয়েকজন সশস্ত্র সদস্য নিয়ে সকাল ৯টার দিকে বাদীর বাড়িতে এসে শহর আলী তালুকদারকে ধরে নিয়ে যায় এবং বিকেলে বাড়ি থেকে লুট করে ৫০ মন ধান, ২০ মন মসুরের ডাল, ১০ মন সরিষা, ৫০মন পাট, ৫টি গরু, ২টি ছাগল লুট করে নিয়ে যায়। পরদিন কুকুয়াখালী সেতুর কাছে শহর আলী তালুকদারকে গুলি করে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়। পরবর্তীতে শহর আলীর লাশ আর খুঁজে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/ডিডি/২২৩৩ ঘ.