২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মদদের অভিযোগে আমিনুলসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

জঙ্গি মদদ, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে সাবেক জোট সরকারের মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকসহ দুই মন্ত্রী ও এমপিসহ জেএমবির ৭০ ক্যাডারের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

রাজশাহী, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গি মদদ, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে সাবেক জোট সরকারের মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকসহ দুই মন্ত্রী ও এমপিসহ জেএমবির ৭০ ক্যাডারের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাজশাহীর বিচার বিভাগীয় হাকিম আসাফ-উদ-দৌলার আদালতে মামলাটি দায়ের করেন বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামের আবেদ আলী মেম্বার। মামলায় ব্যারিস্টার আমিনুল হক ছাড়া অন্য আসামিদের মধ্যে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীশ মোহাম্মদ, সাবেক সাংসদ নাদিম মোস্তফা, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাগমারার বিহানালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাসুপাড়া ইউপি চেয়ারম্যান বেশারতুল্লাহ, অধ্যাপক লুৎফর রহমান, আব্দুস সাত্তার বিএসসি ও জেএমবির ক্যাডাররা রয়েছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, ২০০৪ সালের ১৩ এপ্রিল সশস্ত্র আসামিরা বাদীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তাকে জেএমবির নির্যাতন ক্যাম্পে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে না চাইলে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। এদিকে পুলিশ বাদীর বিরুদ্ধে দু'টি মিথ্যা মামলা দেয় যার জন্য তাকে জেল খাটতে হয়। এজাহারে আরও বলা হয়, ১ থেকে ৬ নম্বর আসামি জঙ্গি মদদদাতা। তাদের নির্দেশ ও অর্থায়নে জঙ্গি বাংলা ভাইসহ অন্য জঙ্গিরা সর্বহারা দমনের নামে ত্রাসের রাজত্ব কায়েম করে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক জানান, আমিনুল হকের বিরুদ্ধে মামলার কথা তিনি শুনেছেন। তবে আদালতের কাগজপত্র এখনও তার কাছে আসেনি। বাদী পক্ষের আইনজীবী বাবুল হোসেন বাবলু জানান, এজাহারে বাগমারার ১৭ ব্যক্তিকে সাক্ষী করা হয়েছে। মামলার আসামি ব্যারিস্টার আমিনুল হক ও নাদিম মোস্তফা জরুরি অবস্থা জারির পর থেকে পলাতক রয়েছেন। জঙ্গি মদদের অভিযোগে রাজশাহীর একটি আদালত ইতোমধ্যে ব্যারিস্টার আমিনুল হককে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২১৫৮ঘ.