২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মুফতি হান্নানের সন্দেহভাজন সহযোগী গ্রেপ্তার

জঙ্গী সংগঠন হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নানের সহযোগী বলে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 02:03 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জঙ্গী সংগঠন হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নানের সহযোগী বলে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর শ্যামপুর থেকে শেখ শাহজাহান (৪৩) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে আটক শাহজাহান মুফতি হান্নানের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন। শ্যামপুর থানার উপ-পরিদর্শক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে নবীন চন্দ্র গোস্বামী সড়কের একটি কারখানা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। ১৩ নম্বর নবীন চন্দ্র গোস্বামী সড়কে তার বাসা। পুলিশ কর্মকর্তা জানান, সিলেট কোতোয়ালী থানার একটি হত্যা মামলার পলাতক আসামী শাহজাহান। মুফতি হান্নানও ওই মামলায় একজন আসামী। জিল্লুর রহমান বলেন, ২০০১ সালের সেপ্টেম্বর মাসে সিলেটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এক জনসভায় বোমা হামলা চালিয়ে তাকে হত্যার পরিকল্পনা ছিলো এদের। কিন্তু সুযোগ না পাওয়ায় জঙ্গীরা সিলেট শহরে জঙ্গী ডা. রিফাতের বাসায় ফিরে আসে। সেখানে বোমা এবং অন্যান্য সরঞ্জাম খুলে রাখার সময় অসাবধানতায় বিস্ফোরণ ঘটে। এতে দুজন নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে আদালতের নির্দেশে অধিকতর তদন্ত শেষে দ্বিতীয় দফা অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে মুফতি হান্নান ছাড়াও শাহজাহানের নাম রয়েছে। তবে শাহজাহানকে বুধবার দুপুরে সাংবাদিকদের সামনে হাজির করা হলে সিলেটের ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন। শাহজাহানের দাবি, ওইদিন তিনি অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে সিলেট কারাগারে ছিলেন। মুফতি হান্নানকে তিনি কখনো দেখেনইনি। তবে ডা. রিফাত তার বন্ধু। 'শত্র"তাবশত' তার নাম কেউ দিয়েছে বলে শাহজাহান দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসকে/২০০৩ঘ.