২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি, সন্ত্রাসী ও চাঁদাবাজ 'নির্মূলের' অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

'জীবন বাজি রেখে' হলেও জঙ্গিবাদ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূলের অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- 'জীবন বাজি রেখে' হলেও জঙ্গিবাদ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূলের অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বেসরকারি সংস্থা 'মানুষের জন্য' আয়োজিত 'নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ' শীর্ষক তিনদিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে বুধবার তিনি এ প্রত্যয় জানান। ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জঙ্গিবাদ, সন্ত্রাসী আর চাঁদাবাজদের নির্মূলে আমি প্রতিশ্র"তিবদ্ধ। জীবন বাজি রেখে হলেও এদের নির্মূল করবো।" জনগণের সাহায্য চেয়ে তিনি বলেন, "গণমানুষের সহযোগিতা ছাড়া শুধু প্রশাসনের একার পক্ষে এদের নির্মূল করা সম্ভব না।" সাহারা খাতুন বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে এ সরকারের সময়ে কেউ যেন কোনও কাজ করতে না পারে সে বিষয়ে সরকার সচেতন রয়েছে। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার বিষয়ে সরকার সচেষ্ট। নারীর প্রতি সহিংসতা রোধে তিনি নারীদের ঐক্যবদ্ধ হতে ও প্রয়োজনে রাজপথে নামার আহ্বান জানান। 'আলোকের এই ঝর্ণাধারায় কাটুক আঁধার সহিংসতার' এই স্লোগানকে সামনে রেখে নগরীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত 'নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ' শীর্ষক তিনদিন ব্যাপী সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৭০০ প্রতিনিধি অংশ নেন। সম্মেলনের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। সম্মেলনে ছয়টি কর্মশালাসহ ২টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। এখান থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ২৮টি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নারী পাচাররোধে জরুরি আইন প্রণয়ন, জাতীয় নারী সহিংসতা প্রতিরোধ পরিষদ গঠন, ১৯৯৭ সালের নারী নীতিমালার যথাযথ বাস্তবায়ন ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০২৬ঘ.