২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মবাড়িয়ায় একজন নিহত: পরিবহন ধর্মঘট প্রত্যাহার

টেম্পু স্ট্যান্ডের দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় ব্রাহ্মবাড়িয়ার নবীনগর উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. আলম নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেম্পু স্ট্যান্ডের দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় ব্রাহ্মবাড়িয়ার নবীনগর উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. আলম নিহত হয়েছেন। বুধবার দুপুরে ছলিমগঞ্জ টেম্পু স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে দুপুর ২টার পর নবীনগর থেকে চলাচলকারী সকল রুটে পরিবহন ধর্মঘট শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার প্রত্যাহার করা হয়। (আরও তথ্যসহ) নবীনগর টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন জানান, একদল সশস্ত্র লোক ছলিমগঞ্জ টেম্পু স্ট্যান্ডের দখল নিতে এলে ইউনিয়ন ছাত্রলীগ নেতা এবং ওই টেম্পু স্ট্যান্ডের সুপারভাইজার মো. আলম কয়েকজন টেম্পু শ্রমিক নিয়ে তাদের বাধা দেয়ার চেষ্টা করেন। এতে হামলাকারীরা আমমের উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় নবীনগর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে টেম্পু শ্রমিকরা নবীনগর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে এবং দুপুর ২টা থেকে নবীনগর থেকে চলাচলকারী সকল রুটে পরিবহন ধর্মঘট শুরু করলে সকল রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কামাল উদ্দিন জানান, এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী পরিবহন শ্রমিক নেতাদের থানায় ডেকে বৈঠক করেন। বৈঠকে এ ঘটনার সুষ্ঠু আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যারের সিদ্ধান্ত নেন। সন্ধ্যা ৬টা থেকে এ রুটের পরিবহনগুলো যথারীতি চলতে শুরু করে। তবে টেম্পু চলবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহে মিন্টু ও সুমন নামের দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.