ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছোট ভাই খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে হত্যাকারী বড় ভাই কবিরুল ইসলাম ভরসাকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।
জাতীয় পার্টির সাবেক সাংসদ করিমউদ্দীন ভরসার ছেলে খায়রুলকে গত সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগরে তার নিউ এইচ টোব্যাকোর কার্যালয়ে গুলি করে হত্যা করে বড় ভাই কবিরুল।
হত্যাকাণ্ডের পর নিহতের শ্যালক ইমরান হোসেন বাদী হয়ে সোমবার রাতেই পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি করা হয়েছে কবিরুলকে।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকারী কবিরুলকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।
এসআই শামসুর জানান, পুলিশের একটি দল মঙ্গলবার রাতে ভরসার বনানীর বাসায় অভিযান চালিয়েছে। আরেকটি দল তাদের গ্রামের বাড়ি রংপুরে গিয়েছে।
পুলিশ ঘাতক কবিরুলের মোবাইলের কললিস্ট পরীক্ষা করছে জানিয়ে তিনি বলেন, "তারা আশা করছেন, শিগগিরই ঘাতকের অবস্থান চিহ্নিত করা যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/জিএনএ/১৪২০ ঘ.
bdnews24