ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লাল (বিপজ্জনক) ও কমলা (কম বিপজ্জনক) তালিকাভুক্ত শিল্প-কারখানায় পরিবেশ দূষণ রোধে আদালতের রায় বাস্তবায়নে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এক মাসের মধ্যে তা জানাতে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে সরকারকে আদেশ দিয়েছে।
এদিকে রায় কার্যকরের ব্যবস্থা না নেওয়ায় শিল্প সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।
বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ ব্যাপারে এক মাসের মধ্যে জবাব দেওয়ার জন্য পরিবেশ সচিব, শিল্প সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে এই আদেশ জারি করেছে।
আগামী ১ জুলাই হাইকোর্ট এ ব্যাপারে পরবর্তী আদেশ দেওয়ার তারিখ ঠিক করেছে।
২০০১ সালের ১৫ জুলাই হাইকোর্ট বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) দায়ের করা জনস্বার্থ বিষয়ক একটি রিটের পরিপ্রেক্ষিতে পরিবেশ দূষণ রোধে সরকারকে নির্দেশ দিয়েছিল।
সেই রায়ে হাইকোর্ট লাল শ্রেণীভুক্ত শিল্প-কলকারখানায় এক বছরের মধ্যে এবং কমলা শ্রেণীভুক্ত 'ক' ও 'খ' তালিকার শিল্প-কারখানায় দু'বছরের মধ্যে পরিবেশ দূষণ রোধের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিল।
এছাড়া ওই রায়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না নিয়ে কেউ যাতে নতুন শিল্প-কারখানা স্থাপন করতে না পারে, তা নিশ্চিত করতেও শিল্প সচিবকে নির্দেশ দেওয়া হয়।
রায় ঘোষণার আট বছর পরও তা বাস্তবায়ন না হওয়ায় আদালত এ সংক্রান্ত নথি পর্যালোচনা করে বলেছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও রায়টি বাস্তবায়ন করা হয়েছে কিনা এ বিষয়ে আদালতকে কিছু জানানো হয়নি।
রায় বাস্তবায়নের বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে রিটকারী বেলাকেও আদালত নির্দেশ দিয়েছে।
এদিকে হাইকোর্টের ওই রায় অনুযায়ী পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগ এনে শিল্প সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।
হাইকোর্টের ওই একই বেঞ্চে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ মঙ্গলবার মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এসকে/২৩২৩ঘ.
bdnews24