ঢাকা এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের বিরুদ্ধে জিডি নথিভূক্ত করা কর্মকর্তা মতিঝিল থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) নাইমুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে রোববারের ওই ঘটনার কথা উল্লেখ না করে পুলিশ বলছে 'অযোগ্যতার কারণে' তাকে বরখাস্ত করা হয়েছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সাজ্জাদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অযোগ্যতার কারণে এ এস আই নাইমুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাতে মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার এই আদেশ দেন।"
একজন আইনজ্ঞ বলেছেন, অন্য কোন অভিযোগ না থাকলে সাধারণ ডায়রি গ্রহণ করার কারণে ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অনুচিত হবে। কারণ থানায় দায়িত্বরত কর্মকর্তা হিসেবে যে কারো বিরুদ্ধে যে কোন সাধারণ ডায়রি তিনি নিতে বাধ্য ছিলেন।
আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে নগরীর মতিঝিল থানায় রোববার সন্ধায় 'সাপ্তাহিক আনন্দবার্তা' নামের এক স্বল্প পরিচিত পত্রিকার সাংবাদিক দেলোয়ার বিন সিরাজ একটি জিডি করেন।
জিডিতে অভিযোগ করা হয়, দেলোয়ার বিন সিরাজ তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলার বাদী। মামলার জামিনে থাকা আসামীদের গ্রেপ্তারের জন্যে তিনি আইজিপিকে অনুরোধ করেন। আসামিদের গ্রেপ্তার না করা হলে তিনি আত্মহত্যা করবেন বলেও জানান। কিন্তু এতেও আইজিপি কোনো পদক্ষেপ নেননি। তাই তিনি আত্মহত্যা করলে আইজিপি ও পুলিশ দায়ী থাকবে জানিয়ে এই জিডি করেন।
এ এস আই নাইমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সাংবাদিক পরিচয় পেয়ে সরল বিশ্বাসে জিডিটি গ্রহণ করেছি। আইজিপি স্যারের বিরুদ্ধে জিডি, এটা আমি বুঝতে পারি নাই।"
এ প্রসঙ্গে আইনজীবী শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " কেউ অভিযোগ নিয়ে এলে পুলিশ অভিযোগ গ্রহণ করতে বাধ্য থাকবে। তিনি রাষ্ট্রক্ষমতার গুরুত্বপূর্ণ পদে থাকলেও পুলিশ এই জিডি নিতে বাধ্য। বাস্তব বা অবাস্তব, সেটা পরে তদন্ত করে দেখা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসকে/২৩০৭ঘ.
bdnews24