রাজশাহী, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় দেড় মাস বন্ধ থাকার পর মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) খুলেছে।
আগের দিন কলেজের দুটি ছাত্রাবাস খুলে দেওয়া হয়।
তবে ছাত্রাবাসের আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করে শিবির নেতারা ছাত্রাবাসে উঠেননি। সোমবার এর বিরোধিতা করে তারা কলেজ অচল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে শিবির নেতারা আবারও আসন পুনর্বিনাস বাতিলের দাবি জানিয়েছেন।
কলেজের অধ্যক্ষ ডা. এবিএম আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা পুর্নবিন্যাসের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি বলেন, প্রথম দিন সত্তর ভাগ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল। ক্যাম্পাস সচল রাখার জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
শিক্ষার্থী তানিকুর রহমান, অনুপ সরকার ও ক্যামেলি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘ দিন পর ক্যাম্পাসে ফিরে বেশ ভালই লাগছে। তারা চান ক্যাম্পাস যেন সব সময় সচল থাকে।
১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে শিবির নেতা শরীফুজ্জামান নোমানী নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর রাজশাহী মেডিকেল কলেজসহ আরও সাতটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল।
কলেজের প্রশাসনিক কর্মকর্তারা জানান, গত তিন বছর শিবির নেতারা অবৈধভাবে আসনে দখল করে ছিল। প্রশাসন সব শিক্ষদের সঙ্গে নিয়ে আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়। এতে কেউ আপত্তি করলে তাদের কিছু করার নেই।
ছাত্রবাস খোলার পর দুদিনে পিংকু ছাত্রাবাসের ২৩টি এবং নুরুন্নবী ছাত্রাবাসের শিবির নিয়ন্ত্রিত ১২টি কক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবং পুলিশের উপস্থিতিতে পুনর্বিন্যাস অনুযায়ী ছাত্রদের উঠিয়ে দেওয়া হয়েছে।
কয়েকটি কক্ষ থেকে তিনটি হাতুড়ি এবং চারটি রড উদ্ধার করা হয়েছে বলেও কর্মকর্তারা জানান।
সংবাদ সম্মেলনে শিবির নেতারা অভিযোগ করেন- তাদের কোণঠাসা করার জন্য আসন পুনর্বিন্যাস করা হয়েছে।
তারা অভিযোগ করেন- আসন নিয়ে বাণিজ্য করার জন্য পিংকু ছাত্রাবাসের শিবিরের ৮০ জন নেতাকর্মীর আসন নুরুন্নবী ছাত্রাবাসে দেওয়া হয়েছে। আগের বরাদ্দ অনুযায়ী আসন দেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর শিবির সভাপতি নুর মোহাম্মদ মণ্ডল লিখিত বক্তব্য পড়েন।
এ সময় শিবিরের মেডিকেল কলেজ শাখার সভাপতি আবু তালহা, রাবি সাধারণ সম্পাদক শামসুল আলম গোলাপ, মহানগর সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, রামেক শাখা ছাত্রলীগ আসন পুনর্বিন্যাসকে স্বাগত জানিয়েছে।
ছাত্রলীগ নেতা তমাল, অশোক কুমার ও শাহ আলম সিদ্দিকী লালন বলেন, পুনর্বিন্যাস মেনে তারা ছাত্রবাসে উঠেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24