ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বাংলাদেশ ও আশপাশের এলাকায় পূবালী বায়ু এগিয়ে আসতে থাকায় দেশের সবখানে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এখনো বয়ে যাচ্ছে।
এছাড়া গত কয়েকদিন সারা দেশে প্রায় আদৌ কোনো বৃষ্টিপাত না হওয়ার পর মঙ্গলবার উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস।
উত্তরাঞ্চলে বৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকাসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা নেই বলে এক আবহাওয়াবিদ জানিয়েছেন।
মঙ্গলবার আবহাওয়াবিদ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বায়ু প্রবাহের গতি বাড়ায় বাংলাদেশ ও আশপাশের এলাকার দিকে এগিয়ে আসা পূবালী বায়ু প্রবাহ নিম্নমূখী হয়ে পড়েছে। ফলে তাপমাত্রা কমছে।"
তবে বুধবারও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে জানিয়ে তিনি বলেন, কাল (বুধবার) উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বয়ে যেতে পারে অস্থায়ী দমকাসহ ঝড়ো হাওয়া।
মঙ্গলবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে- ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ছিল তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার যশোরে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এ বছর এ পর্যন্ত দেশের কোথাও তাপমাত্রা এতটা ওঠেনি। গত কয়েকদিন ধরেই যশোরে তাপমাত্রা ছিল এরকম।
গত ১৮ এপ্রিল থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুকনো থাকবে। রাজশাহী, ঢাকা, সিলেট বিভাগের দু'-এক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
রাজশাহী, ঈশ্বরদী, ঢাকা, মাদারীপুর, রাঙামাটি অঞ্চল এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বিরাজমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সারাদেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার রাজশাহীতে ৩৮.২ ডিগ্রি, চট্টগ্রামে ৩২.৫ ডিগ্রি, খুলনায় ৩৭.৫ ডিগ্রি, বরিশালে ৩৪.৭ ডিগ্রি এবং সিলেটে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/এসকে/২০১৩ঘ.
bdnews24