ভোলা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার বোরহানউদ্দিন উপজেলার গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা ও এতিমখানা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় প্রতিষ্ঠাতা ফয়সাল মোস্তফাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বাড়ির ঠিকানা না পাওয়ায় এবং একই ব্যক্তিকে দুই নামে আসামি করায় ইউনুস শরীফ ও হাসান সাইফুদ্দিনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রিন ক্রিসেন্টের পাচক মো. মহিউদ্দিনকে।
মঙ্গলবার মামলার তদন্তকর্মকর্তা বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ভোলার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা হলেন- ফয়সালের সহযোগী সাইফউদ্দিন বাদল, মাদ্রাসার পাচক মো. মহিউদ্দিন, মাদ্রাসার শিক্ষক রাসেল, তত্ত্বাবধায়ক আব্দুল হামিদ, আবুল কালাম ও মো. জসিম, মুফতি মহিউদ্দিন, হুমায়ুন আহমেদ, মো. ইউনুস ও মিজানুর রহমান।
গত ২৪ মার্চ ভোলার বোরহানউদ্দিন উপজেলার রাম কেশবপুর গ্রামের গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা ও এতিমখানা থেকে বিপুল অস্ত্র ও জিহাদী বই উদ্ধার করে র্যাব। গ্রেপ্তার করা হয় রাসেলসহ চারজনকে। এ ঘটনায় 'অস্ত্র ও বিস্ফোরক' এবং 'সন্ত্রাস দমন' আইনে পৃথক দু'টি মামলা হয়।
দুটি মামলায় ফয়সাল মোস্তফা বাদে ১১ জনকে আসামি করা হয়েছিল। গত ৬ এপ্রিল গাজীপুরের পুবাইল থেকে গ্রেপ্তারের পর ফয়সালকেও মামলার আসামি করা হয়।
মামলায় এজাহারভুক্ত দু'জনকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ইউনুস শরীফের ঠিকানা পাওয়া যায়নি এবং হাসান সাইফুদ্দিন আর অভিযোগপত্রভুক্ত সাইফুদ্দিন বাদল একই ব্যক্তি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৪ ঘ.
bdnews24