২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে

গ্রীষ্মকালীন ছুটি ১৫ দিন কমিয়ে আগামী ১ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার সুপারিশ করেছে একাডেমিক কাউন্সিলের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 10:39 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রীষ্মকালীন ছুটি ১৫ দিন কমিয়ে আগামী ১ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার সুপারিশ করেছে একাডেমিক কাউন্সিলের সদস্যরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানরা এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা ১ জুন বিশ্ববিদ্যালয় খোলার সুপারিশ করেন। এর পরিপরিপ্রেক্ষিত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান সাংবাদিকদের বলেছেন- আগামী ১ জুন বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত এক রকম চূড়ান্ত। শিগগিরই সিডিন্ডকেট বৈঠক ডেকে সুপারিশগুলো পর্যালোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে। ১৩ মার্চ রাবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে শিবির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী নিহত হওয়ার ঘটনায় দুদিনের ব্যবধানে রাবি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী সরকারি কলেজ, নিউ গভ. ডিগ্রী কলেজ, সরকারি সিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, প্যারামেডিকেল ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া শিবির-ছাত্রলীগ-স্থানীয়দের পাল্টাপাল্টি নয়টি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের (এসি) জরুরি সভায় ৩০ ও ৩১ মে'র মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ারও সুপারিশ করা হয়। সভায় একাডেমিক কাউন্সিলের বিভিন্ন ক্যাটাগরির প্রায় তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন বলে উপাচার্য জানান। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আইনশৃঙ্খলা রক্ষা, বহিরাগতদের ঠেকানো ও নিরাপত্তার জন্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সার্বক্ষণিক নিজেদের পরিচয়পত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যাপারে রাজশাহীর মেয়রসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একাধিক বৈঠক হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতোমধ্যে সরকারি সিটি কলেজ ও নিউ গভ. ডিগ্রি কলেজ খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার খুলেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)। এর রোববার রুয়েট খুলে দেওযা হয়। ক্যাম্পাসগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪০ ঘ.