চট্টগ্রাম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) - চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চালকরা ধর্মঘট অব্যাহত রেখেছেন। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নগরীর কোথাও অটোরিকশা চলাচল করেনি।
সোমবার ধর্মঘট চলাকালে অটোরিকশা চালকদের দিনভর তাণ্ডবের ঘটনায় পুলিশ আরও ১২ চালককে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৭।
সোমবারের ঘটনায় নগরীর হালিশহর, কোতোয়ালি, খুলশী ও ডবলমুরিং থানায় পৃথক সাতটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান।
এর মধ্যে ট্রাফিক সার্জেন্টের দু'টি মোটরসাইকেল পোড়ানোর মামলাও রয়েছে।
সহকারী কমিশনার বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, "অটোরিকশা চালকরা অযৌক্তিক দাবি নিয়ে দ্বিতীয় দিনও তাদের ধর্মঘট অব্যাহত রেখেছে।"
মোস্তাফিজুর রহমান বলেন, সমস্যা নিরসনে চালকদের সঙ্গে এখনও প্রশাসনের কোনো আলোচনা হয়নি। চালকদের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগও নেই।
তবে উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে বৈঠকে করেন বলে জানান তিনি।
চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাবি না পর্যন্ত তারা 'নিয়মতান্ত্রিক' আন্দোলন চালিয়ে যাবেন।
চট্টগ্রামের অটোরিকশা চালকদের দাবি, তারা মিটারে গাড়ি চালানোর নিয়ম মানবে না।
ওই দাবি মেনে নিতে প্রশাসনকে সোমবার থেকে ৯৬ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানান তাদের নেতা কামাল উদ্দিন ।
সোমবার সকাল থেকে চট্টগ্রামে সিএনজি চালিত অটোরিকশা চালকরা আকস্মিকভাবে এ ধর্মঘট শুরু করে।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এসকে/২৩১৫ঘ.
bdnews24