বান্দরবান, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরোধের জের ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সোমবার দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা পথচারী ও কয়েকজন সরকারি কর্মকর্তাকে নাজেহাল করে বলেও অভিযোগ পাওয়া গেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রকিব নামে পার্শ্ববর্তী রামু উপজেলা ছাত্রলীগের এক নেতা ব্যবসায়িক কাজে সোমবার নাইক্ষ্যংছড়ি আসেন। আগের বিরোধের জের ধরে নাইক্ষ্যংছড়ি ছাত্রলীগের নেতা-কর্মীরা রকিবকে আটক করে মারধর করার জন্য উপজেলা সদরে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে গাছ ফেলেন।
এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে লোকজন ছুটাছুটির করতে শুরু করে। তখন ফকির আহমদ নামে এক পথচারী ছাত্রলীগের কর্মীদের হাতে নাজেহাল হন।
এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) উপসহকারী প্রকৌশলী বজলুর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন চাকমা ও পাইথুই চাকমা আহত হন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম ইকবাল চৌধুরী জানান, 'বহিরাগত সন্ত্রাসীকে' আটক করার জন্য তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন যাতে পালাতে না পারে। তবে সরকারি কর্মকর্তা আহত ও পথচারীকে নাজেহাল করার ঘটনা তিনি অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওয়াব আসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার রাতে তার (ইউএনও) কার্যালয়ে দুপক্ষকে নিয়ে বৈঠক করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.
bdnews24