ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২১ আগস্টের গ্রেনেড হামলার দুই মামলায় সোমবার ঢাকার একটি আদালতে আরো চারজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
আগামী ৬ মে আবারও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে।
আদালতে সাক্ষীরা তাদের জবানবন্দিতে বলেন, হরকাতুল জিহাদ প্রধান মুফতি আবদুল হান্নানসহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মী গ্রেনেড হামলা চালিয়েছেন।
সাক্ষীরা বলেন, এই হামলার মধ্য দিয়ে তারা আওয়ামী লীগকে নেতৃত্বহীন একটি দলে পরিণত করতে চেয়েছিল।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মাসদার হোসেনের এজলাসে হত্যা ও বিস্ফোরক মামলায় যারা সাক্ষ্য দেন তারা হলেন বঙ্গবন্ধু এভিনিউয়ের রেলওয়ে সুপার মার্কেটের মালিক সমিতির কর্মচারী কাজী সাইফুল ইসলাম, নিরাপত্তা রক্ষী আবদুস সামাদ, 'রনি শাড়ি বিতান' এর কর্মচারী জিল্লুর রহমান ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাজেদুল আলম সুবজ।
সাক্ষ্য নেওয়ার সময় ২২ আসামির মধ্যে কারাগার থেকে মুফতি হান্নান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৪ জনকে আদালতে হাজির করা হয়। বাকি ৮ জন পলাতক রয়েছেন।
১৩৫ কার্যদিবসের মধ্যে বিচার কাজ শেষ করার কথা থাকলেও এরই মধ্যে ১০১ কার্যদিবস পেরিয়ে গেছে। রাষ্ট্রপক্ষ হত্যা ও বিস্ফোরক মামলার অভিযোগপত্রভুক্ত ৪০৮ সাক্ষীর মধ্যে মাত্র ৪১ জনকে এজলাসে হাজির করতে পেরেছে।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অবশিষ্ট সময়ের মধ্যে মামলার গুরত্বপূর্ণ সাক্ষীদের আদালতে হাজির করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার অভিযোগে ওই দিন মতিঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক শরীফ ফারুক আহম্মেদ বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেন। ওই ঘটনায় কমপক্ষে বিশজন নিহত ও কয়েকশ নানান মাত্রায় আহত হন।
অভিযোগপত্র দু'টিতে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ প্রধান মুফতি আবদুল হান্নান, সাবেক জোট সরকারের শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২২ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১৪ জন কারাগারে এবং ৮ জন পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/এসকে/১৭৫৫ ঘ.
bdnews24