সাতক্ষীরা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে সোমবার সকালে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী- বিএসএফ'র গুলিতে শামীম রেজা নামে বাংলাদেশ রাইফেলস-বিডিআর'র একজন নায়েক সুবেদার (জেসিও) আহত হয়েছেন।
শামীমের বাম হাতে গুলি লেগেছে। তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ।
তিনি জানান, সকাল ৯ টার দিকে তলুইগাছা সীমান্তে বিডিআর'র একটি দল টহল দিচ্ছিল। এ সময় ভারতের ১২৬ ব্যাটেলিয়নের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি ছুড়তে থাকে। এতে টহল দলের কমান্ডার নায়েক সুবেদার (জেসিও) শামীম রেজা গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন।
ডিএডি মাহাবুবুর রশিদ জানান, বিএসএফ টানা ৮/১০ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে বিডিআর সদস্যরা ৫ রাউন্ড গুলি ছুড়েছে।
তিনি জানান, গুলি'র ঘটনায় দুপুর দেড়টার দিকে ওই সীমান্তে বিডিআর ও বিএসএফ'র ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিডিআর কর্মকর্তারা কড়া প্রতিবাদ জানান। বিএসএফ কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় ভারতের দুজন নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন বলে তারা জানান।
দুপক্ষকেই সংঘাত এড়াতে সতর্ক থাকার ব্যাপারে ঐকমত্যে পৌঁছায় বলে ডিএডি জানান।
পতাকা বৈঠকে বিডিআর'র পক্ষে নেতৃত্ব দেন ৪১ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইকবাল আযম। বিএসএফ'র পক্ষে ছিলেন- ১২৬ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট সুধীর হুড্ডা।
বর্তমানে তলুইগাছা সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান বিডিআর কর্মকর্তা মাহবুব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৪ ঘ.
bdnews24