২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুল হক পিলখানা হত্যা মামলার প্রধান পাবলিক প্রসিকিউটর

পিলখানা হত্যাকাণ্ডের মামলা পরিচালনার জন্য অ্যাডভোকেট আনিসুল হককে প্রধান পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পিলখানা হত্যাকাণ্ডের মামলা পরিচালনার জন্য অ্যাডভোকেট আনিসুল হককে প্রধান পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক আইন মন্ত্রণালয়ের একজন উর্ধতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গত ২০ এপ্রিল এ মামলা পরিচালনার জন্য সরকার অ্যাডভোকেট আনিসুল হককে প্রধান করে তিন সদস্যের একটি আইনজীবী প্যানেল নিয়োগ দিয়েছে। আনিসুল হককে পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী ও অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলকে অ্যাডিশনাল পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই কর্মকর্তা আরও বলেন, সরকার ইতোপূর্বে দেওয়া নিয়োগের সংশোধনী এনে আনিসুল হককে চিফ পাবলিক প্রসিকিউটর এবং অন্য দুই আইনজীবীকে পাবলিক প্রসিকিউটর নিয়োগের বিষয়টি সোমবার চুড়ান্ত করেছে। তবে আইনে চিফ পাবলিক প্রসিকিউটরের পদ আছে কিনা এ বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। মঙ্গলবার তাদের সংশোধিত এই নিয়োগের চিঠি দেওয়া হবে বলে ওই কর্মকর্তা জানান। তবে আনিসুল হক নিজে সাংবাদিকদের বলেছেন, "সরকার আমাকে পিলখানা হত্যাকাণ্ড মামলা পরিচালনার জন্য প্রধান পাবলিক প্রসিকিউটর এবং অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী ও অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলকে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে।" গত ২৫-২৬ ফেব্র"য়ারি ঘটে যাওয়া পিলখানা বিদ্রোহের সময় সংঘটিত হত্যাকাণ্ড মামলার তদন্ত চলছে। আনিসুল হক সুপ্রিম কোর্টে বিচারাধীন বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৯৩৫ঘ.