ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রমিকদের পেশাগত দুর্ঘটনা রোধে পর্যাপ্ত আইন প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ইনষ্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।
এছাড়া জেলা পর্যায়ে শ্রম অধিদপ্তরের কার্যালয় স্থাপন, সরকারি কল-কারখানা পরিদর্শক কার্যালয়ের জনবল বৃদ্ধি, দুর্ঘটনায় ক্ষতিপুরণের পরিমাণ বাড়ানোসহ বেশ কিছু দাবি জানানো হয়।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন করে বিলস'র নেতারা এসব সুপারিশ করেন।
পেশাগত দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের স্মরণে আর্ন্তজাতিক দিবস উপলক্ষে বিলস এ সংবাদ সম্মেলন করে।
সারা বিশ্বে প্রতিবছর ২৮ এপ্রিল দিবসটি পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হল 'সকল শ্রমিকের পেশাগত সুস্বাস্থ্য'।
বিলস'র অন্য দাবিগুলোর মধ্যে আছে- অবহেলাজনিত দুর্ঘটনায় কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া, বিগত সময়ের দুর্ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ ও দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং পেশাগত রোগ নির্ণয়ে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামুলক করা।
সংবাদ সম্মেলনে বিলস'র জরিপ প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়, গত বছর পেশাগত দুর্ঘটনা ও কর্মক্ষেত্রে সহিংসতায় ৫৪৭ জন শ্রমজীবী মারা গেছেন।
এছাড়া গত ১০ বছরে কর্মক্ষেত্রে মারা গেছেন তিন হাজার ৭০৪ জন। এর মধ্যে ১৯৯৯ সালে ১৪৪ জন, ২০০০ সালে ৩০১ জন, ২০০১ সালে ১৯৬, ২০০২ সালে ১৬৮, ২০০৩ সালে ২৫১, ২০০৪ সালে ১৮৮, ২০০৫ সালে ৪৮০, ২০০৬ সালে ৯৭৪, ২০০৭ সালে ৮৪৫ জন।
সংগঠনের মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, ''আইনি দুর্বলতা ও আইন প্রয়োগে শিথিলতার কারণে শ্রমিকরা কর্মক্ষেত্রে প্রাণ হারাচ্ছেন। এ পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এর ইতি টানতে আমরা বাস্তবসম্মত আইনি সুরক্ষা চাই।"
তিনি দাবি করেন, অনেক প্রতিষ্ঠানেই মৃত্যু ফাঁদ রয়েছে। এর মধ্যে শ্রমিকরা কাজ করছেন। আইনের বিধান কড়াকড়ি না করা গেলে শ্রমজীবীদের নিরাপত্তা নিশ্চিত হবে না।
এ ব্যাপারে গণমাধ্যমের সহযোগিতাও চান নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের নেতা কবির হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল বাশার, শাহ মো. আবু জাফর, মেজবাহ উদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসাইন প্রমুখ।
বিডিনিউজে টায়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমএসবি/১৭০১ ঘ.
bdnews24