২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি বস্তিতে আগুন লেগে ২১ টি ঘর পুড়ে গেছে

রবিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বস্তিতে আগুন লেগে ২১টি ঘর পুড়ে গেছে। বস্তির লোকজন অভিযোগ করেছেন র‌্যাব সদস্যরা এ আগুন লাগিয়ে দেন। তবে এ অভিযোগ র‌্যাব অস্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রবিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বস্তিতে আগুন লেগে ২১টি ঘর পুড়ে গেছে। বস্তির লোকজন অভিযোগ করেছেন র‌্যাব সদস্যরা এ আগুন লাগিয়ে দেন। তবে এ অভিযোগ র‌্যাব অস্বীকার করেছে। দমকল বিভাগের কর্মকর্তা ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টা ৯ মিনিটে আগুনের খবর পেয়ে দমকল বিভাগের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। রাত ১০টা ১০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়েছে।" আগুনে ২১ টির মতো ঘর পুড়ে গেছে বলে তিনি জানান। বস্তিবাসীরা অভিযোগ করেছেন, র‌্যাবের লোকজন রাত ৮টার দিকে এসে কিছু লোককে পিটিয়ে ঘর থেকে বের করে দেয়। এর পরে তারা কোরোসিন দিয়ে ঘরগুলোতে আগুন লাগিয়ে দেয়। বস্তিবাসী জাহানারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই বস্তিতে অনেকেই মাদকের ব্যবসা করে। র‌্যাব-পুলিশ এখান থেকে নিয়মিত টাকা পায়। কিছুদিন ধরে টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়ায় মাদক ব্যবসায়ীদের সাথে তাদের উত্তেজনা চলছিল। এর জের ধরে কয়েকদিন আগে এখানে সংঘর্ষও হয়।" জাহানারা বলেন, এ কারণেই বস্তিতে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। এ ব্যাপারে র‌্যাব-২ এর মেজর এস এম ফয়সাল বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে ছুটে যান। আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, "এটা ছিল মাদকের আখড়া। যেহেতু এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‌্যাব- ২ অনেক অভিযান চালিয়েছে, তাই তারা এসব কথা রটাচ্ছে।" তিনি বলেন, "এখানে অনেকেই কুপি জ্বালিয়ে হেরোইন সেবন করে। সেসব কুপি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।" দমকল বিভাগের কর্মকর্তা ফারুক জানান, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা মনে করছেন। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এসকে/২৩৫৩ঘ.