ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পল্টনে তাদের মে দিবসের সমাবেশে পাঁচ লাখেরও বেশি লোকের জনসমাগম হবে বলে দাবি করেছে শ্রমিক লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনের সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়াও দলের নীতিনির্ধারক এবং মন্ত্রিসভার সদস্যরা বক্তব্য দেবেন।
বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক রায় রমেশ।
প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর পহেলা মে'র এই কর্মসূচীই হবে শেখ হাসিনার প্রথম কোনো জনসমাবেশে উপস্থিতি।
সংবাদ সম্মেলনে রায় রমেশ বলেন, "পাঁচ লক্ষাধিক লোকের জনসমাবেশ ঘটবে। এই সমাবেশে প্রধানমন্ত্রী থাকবেন। এজন্য, সরকারের পাশাপাশি সংগঠনেরও নিরাপত্তা বলয় থাকবে।"
বিকাল তিনটায় সমাবেশ শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২২৩২ঘ.
bdnews24