চট্টগ্রাম, এপ্রিল ২৬ (বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম)--- দশ ট্রাক অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এনএসআই কর্মকর্তা আকবর হোসেন খানকে দ্বিতীয় দফা আইনী হেফাজতে নিয়েছে সিআইডি।
রোববার মহানগর হাকিম ওসমান গণি এ গোয়েন্দা কর্মকর্তার রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এএসপি মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকবর হোসেনকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিন মঞ্জুর করেন।
সোমবার থেকে সিআইডি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে আইও জানান।
এর আগে আকবর হোসেনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তিনি অস্ত্র খালাসের ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে বেশ কয়েকজন উর্ধতন আমলার নাম উল্লেখ করেছেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের সিইউএফএল জেটি ঘাটে দশ ট্রাক ভারি ও আধুনিক অস্ত্র খালাস করার সময় এক রকম আকস্মিকভাবে তা ধরা পড়ে।
আকবর হোসেন খান তখন এনএসআই চট্টগ্রাম অঞ্চলের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২১৩ঘ.
bdnews24