মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাপমাত্রা বাড়ার প্রবণতা আরও দুয়েকদিন অব্যাহত থাকার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এরইমধ্যে রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে।
এদিন দেশের গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। রাজধানীর তাপমাত্রা ওঠে ৩৮.৭ ডিগ্রিতে, যা একই সময়ের মধ্যে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা। দুটি ক্ষেত্রেই ১৯৯৫ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
আবহাওয়াবিদ আবদুল মান্নান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৫০ বছরে দেশের তাপমাত্রা বৃদ্ধির হার দশমিক ৫ শতাংশ। ঢাকায় এই বৃদ্ধির হার দশমিক ৭ শতাংশ।
দেশের অন্যান্য স্থানের তুলনায় ঢাকার তাপমাত্রা বাড়ার প্রাকৃতিক কারণের সঙ্গে সঙ্গে বিকিরিত উত্তাপ বেশি অনুভূত হয় বলে উল্লেখ করেন এই আবহাওয়াবিদ। "যান্ত্রিক এই নগরে অপরিকল্পিত বহুতল ভবন, তীব্র যানজট, অতিরিক্ত শীতাতপ-নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার, সর্বোপরি সবুজের অভাবে দিনদিন তপ্ত হয়ে উঠছে ঢাকা।"
আবহাওয়া অফিস রোববার ঢাকায় সর্বোচ্চ ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করলেও বদ্ধ হাওয়ায় অনেক এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে বলে জানান আবহাওয়াবিদ মান্নান।
তিনি জানান, বিশেষ করে মহাখালী, গুলিস্তান, ফার্মগেট, মতিঝিল, তেজগাঁওসহ ব্যস্ত এলাকায় তুলনামূলকভাবে তাপমাত্রা বেশি থাকে। উদ্যান ও জলাশয় ঘেরা এলাকার চেয়ে বদ্ধ এলাকায় তাপমাত্রা অনুভূত হয় বেশি।
ঢাকায় ১৯৯৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা ওঠেছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তবে এর আগে ১৯৬০ সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া স্বাধীনতা-উত্তর দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রয়েছে রাজশাহীতে ১৯৭২ সালের ৩০ মে, ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৯৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
দিনদিন যেভাবে তাপমাত্রা বাড়ছে
bdnews24