গাজীপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদরের কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে শনিবার রাতে অস্ত্রসহ ১২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, রশিদ আহমেদ, লালমিয়া, বোরহান উদ্দিন, আহমেদ হোসেন, মোন্তাজউদ্দিন, আব্দুল মালেক, মানিক মিয়া, সুজন মিয়া, মঙ্গল মিয়া ও বাদশার বাড়ি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও নোয়াখালী জেলার বিভিন্ন জায়গায়।
এদের বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে বলে জানায় পুলিশ।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতদের কাছ থেকে ২টি গুলিসহ একটি বিদেশি দোনলা বন্দুক, রাইফেলের ২টি কার্তুজ ও ৯টি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24