২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়সাল ও সাইফুদ্দিন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার রাম কেশবপুর গ্রামের গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা ও এতিমখানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের মামলায় রোববার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোস্তফা ফয়সাল ও তার সহযোগী সাইফুদ্দিন বাদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 02:00 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ভোলা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার বোরহানউদ্দিন উপজেলার রাম কেশবপুর গ্রামের গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা ও এতিমখানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের মামলায় রোববার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোস্তফা ফয়সাল ও তার সহযোগী সাইফুদ্দিন বাদল। মামলার তদন্ত কর্মকর্তা বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জবানবন্দিতে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে কী তথ্য দিয়েছেন সেটা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। এসআই রফিক জানান, অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে করা দুটি মামলায় তিন দফায় ২২ দিনের রিমান্ড শেষে ফয়সাল ও সাইফুদ্দিন ভোলার বিচার বিভাগীয় হাকিম মো. আমিনুল ইসলামের কাছে জবানবন্দি দেন। জবানবন্দি নেওয়ার পর আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। ২৪ মার্চ রামকেশবপুর গ্রামে গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসা ও এতিমখানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির উপকরণ ও জিহাদী বই উদ্ধার করে র‌্যাব। আটক করা হয় মাদ্রাসার শিক্ষক রাসেল এবং তত্ত্বাবধায়ক আব্দুল হামিদ (৩০), আবুল কালাম (৩২) ও মো. জসিমকে (৩৫)। পরদিন অভিযান চালিয়ে দুই বোতল এসিড উদ্ধার করা হয়। ৬ এপ্রিল গাজীপুর জেলার পুবাইল বাইপাস রোডের ভোগরা নামক স্থান থেকে ফয়সাল ও সাইফুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের ঘটনায় আটক চারজনসহ ১১ জনকে আসামি করে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা হয়। দুটি মামলায় ফয়সালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফয়সাল ছাড়া মামলার অপর আসামিরা হলেন- রাসেল, আব্দুল হামিদ, আবুল কালাম, মো. জসিম, মুফতি মহিউদ্দিন, হুমায়ুন আহমেদ, মো. ইউনুস, হাসান সাইফুদ্দিন, সাইফুদ্দিন বাদল, ইউনুস শরীফ ও মিজানুর রহমান। রাসেল, হামিদ, কালাম ও জসিমকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে লন্ডন প্রবাসী ফয়সাল সম্পর্কে তথ্য পায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। লন্ডনভিত্তিক বেসরকারি সংস্থা গ্রিন ক্রিসেন্ট এর অর্থায়নে ভোলাসহ দেশের কয়েকটি এলাকায় মাদ্রাসা, ক্লিনিক পরিচালিত হচ্ছে। ফয়সাল বাংলাদেশে গ্রিন ক্রিসেন্টের বিভিন্ন প্রকল্পের অর্থ যোগান দিতেন এবং কাজ দেখভাল করতেন। রোববার আদালতে জবানবন্দি দেওয়ার পর ফয়সাল ও সাইফুদ্দিনের জামিন চেয়ে তাদের আইনজীবীরা আবেদন জানান। আদালত আবেদন নামঞ্জুর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৬ ঘ.