বাগেরহাট, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে শনিবার রাতে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে।
রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাজারের তারাপদ ভাণ্ডার নামে একটি দোকানে আগুনের সূত্রপাত।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল- তারাপদ সাহার মালিকানাধীন তারাপদ ভাণ্ডার, রাইসুল ইসলামের মোটর সাইকেল পার্টসের দোকান, মিন্টু সাইকেল ষ্টোর এবং দেবাশীষের সেলুন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, বাগেরহাট থেকে দমকলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৯ ঘ.
bdnews24