ঝিনাইদহ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির সভা বয়কট করেছেন ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
উপদেষ্টা হিসাবে এ প্রথম উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি ও আইন শৃখলা কমিটির সভায় যোগ দেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই।
সভা চলাকালে ইউপি চেয়ারম্যানদের বয়কটকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করে সাংসদ বলেন, "১৪ জন ইউপি চেয়ারম্যানই বিএনপি দলীয়।"
সভা বয়কট করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে আব্দুল হাই বলেন, "চারদলীয় জোট সরকারের আমলে নির্বাচিত সাংসদ হওয়া সত্বেও তাকে পাঁচ বছর নির্বাচনী এলকায় আসতে দেওয়া হয়নি।"
তিনি বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইউপি চেয়ারম্যানরা স্বাভাবিকভাবেই কাজকর্ম করে যাচ্ছেন। তাদের কাজে কেউ বাধা দিচ্ছে না।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হোসাইন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কী কারণে ইউপি চেয়ারম্যানরা সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভায় এলেন না তা তাকে জানানো হয়নি।"
দিগনগর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শরিফুল ইসলাম মাসুম অভিযোগ করেন, "ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতাপ্রাপ্তদের তালিকা আওয়ামী লীগের নেতা ক্যাডাদের কথামত করতে হচ্ছে। তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।"
তবে সাংসদ উপদেষ্টা হিসাবে পরিষদের সভায় উপস্থিত থাকবেন- এটা আগে জানলে তারা বয়কট করতেন না বলে তিনি দাবি করেন।
বগুড়া ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান দীপু এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০২ ঘ.
bdnews24