চাঁদপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর শহরের একটি মাদ্রাসায় রোববার দুপুরে দু'দল ছাত্রের মধ্যকার সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১৩ ছাত্রকে আটক করেছে।
আহতদের মধ্যে দশম শ্রেণীর ছাত্রী কুলসুমা (১৫) ও মাহমুদাকে (১৫) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত শহরের মাদ্রাসা রোড এলাকায় অবস্থিত বিষ্ণুদী মোহসিনিয়র ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তিনি মাদ্রাসার বাইরে ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত মাদ্রাসায় ছুটে আসেন।
অধ্যক্ষ বলেন, "ছাত্রদের মধ্যে কি নিয়ে সংঘর্ষ হয়েছে সে সম্পর্কে আমি স্পষ্ট কিছু জানি না। তবে শুনেছি, সিনিয়র জুনিয়র ও প্রেম নিয়ে এ ঘটনা ঘটেছে।"
পুলিশ মাদ্রাসার ১৩ ছাত্রকে আটক করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
তবে আটককৃতদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন অধ্যক্ষ।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং পরিস্থিতি শান্ত করতে অধ্যক্ষের কথা মত ১৩ ছাত্রকে আটক করি।"
পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৩ ঘ.
bdnews24