ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭ বছরের মধ্যে সৌদি বাদশাহর সঙ্গে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম সাক্ষাৎ- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির এ বক্তব্য নাকচ করে দিয়েছে বিএনপি।
সৌদি আরবে পাঁচ দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তার সফরসঙ্গী দীপু মনি শনিবার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের এক ব্রিফিঙে বলেছিলেন, "সাত বছরের মধ্যে বাংলাদেশের
কোনো প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) প্রথমবারের মতো সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করলেন।"
রোববার এক সংবাদ ব্রিফিঙে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী পররাষ্ট্র মন্ত্রীর ওই বক্তব্যকে 'বিভ্রান্তিকর ও সঠিক নয়' বলে অভিহিত করেছেন।
গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে দুপুরে এ সংবাদ ব্রিফিঙে সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বলেন, ''৭ বছরে মধ্যে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটা প্রথম বৈঠক- পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য সঠিক নয়।''
তিনি জানান, বিএনপি সরকারের আমলে তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৫ সালের নভেম্বরে ও ২০০৬ সালের অক্টোবরে সৌদি বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এছাড়া ২০০৪ সালের জানুয়ারিতে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) সম্মেলনে ও ২০০৫ সালে ডিসেম্বরে মক্কায় ওআইসি'র বিশেষ সম্মেলনে সৌদি বাদশাহর সঙ্গে তদানীন্তন প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে।
শমসের মবিন চৌধুরী বলেন, "২০০৪-০৬ সাল পর্যন্ত তিন বছরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার সঙ্গে সৌদি বাদশার চারবার সাক্ষাৎ হয়েছে। সৌদি বাদশার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী নৈশভৌজও করেছেন। মক্কায় ওআইসি সম্মেলনের সময় পবিত্র কাবা ঘরের অভ্যন্তরে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রবেশ করার বিরল সম্মানও লাভ করেছেন।"
তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশেরবিশেষ বন্ধু রাষ্ট্র। সৌদি বাদশাহ মুসলিম বিশ্বে বিশেষ ভূমিকা রাখেন। তার সম্পর্কে এরকম ভুল তথ্য প্রদান শুভ নয়।
যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান পররাষ্ট্র মন্ত্রীর এরকম বক্তব্য দেওয়া 'সঠিক' হয়নি বলে মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''সৌদি আরব বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিলে আমরা খুশি হব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহর সঙ্গে সাক্ষাতের পর প্রবাসী বাংলাদেশীদের সভায় আরও জনশক্তি নেওয়ার সম্ভাবনার কথা বলেছেন। তবে এ ব্যাপারে কোনো চুক্তি হয়েছে কিনা আমরা তা জানি না। গণমাধ্যমে সেই বিষয়টি আসেনি।''
সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান, সাংসদ শাম্মী আখতার, নীলুফার ইয়াসমীন মনি, সাবেক সাংসদ শিরিন সুলতানা, খায়রুল কবীর খোকন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৬৩০ঘ.
bdnews24