পাবনা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা-সুজানগর মহাসড়কের খালিশপুর মোড়ে রোববার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিপন (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় সুমন নামে তার এক বন্ধু গুরুতর আহত হয়।
দুর্ঘটনার সময় একটি মোটর সাইকেলে করে সুমনের সঙ্গে সুজানগর সদরের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল রিপন।
সুজানগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে সুজানগর উপজেলার শুকচর গ্রামের ইদ্রিস আলীর ছেলে রিপন ও তার বন্ধু সুমন মোটর সাইকেলে করে সুজানগর সদরের পরীক্ষা কেন্দ্রে আসছিল। পৌনে ১০টার দিকে খালিশপুর মোড়ে পৌঁছুলে একটি দ্রুতগামী ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়।"
তিনি বলেন, "এতে ঘটনাস্থলেই রিপন নিহত এবং সুমন গুরুতর আহত হয়। সুমনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
এ ব্যাপারে সুজানগর থানায় মামলা হয়েছে।
ট্রাকটি পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/১৩১৫ঘ.
bdnews24