দিনাজপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুর মেডিকেল কলেজে শনিবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন- রাসেল (২০), দীপঙ্কর (২৩), আবু (২১), সানি (২২) ও মশিউর রহমান মাসুদ (২০)। মাসুদকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে। বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র অনীক ও রাজীব মালাকার সাংবাদিকদের জানান, আজ (শনিবার) দুপুর আড়াইটায় দিনাজপুর মেডিকেল কলেজের সমনে বহিরাগত শিবির কর্মীরা ছাত্রলীগ কর্মী দীপঙ্করকে মারধর করে। খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্রলীগ কর্মীরা শিবিরের ওপর হামলা চালায়।
এ সময় পুলিশ ছাত্রদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তারা।
আহত শিবির কর্মী মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে ছাত্রলীগের ১০/১৫ জন কর্মী কক্ষে ঢুকে তাকে ছাত্রলীগে যোগ দেওয়ার জন্য চাপ দেয়। তা না হলে তাকে হলে থাকতে দেওয়া হবে না বলে জানায়। তাদের এ হুমকি মোবাইলে রেকর্ড করে হল সুপার ডা. কামরুল আহসানকে জানালে শনিবার দুপুরে ছাত্রলীগ কর্মীরা তার কক্ষের আসবাবপত্র ভাঙচুর এবং তাকে মারধর করে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সরোজ কুমার সাংবাদিকদের বলেন, বিকেল ৫টায় একাডেমিক কাউন্সিলের দীর্ঘ বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, ক্যাম্পাসে পুলিশ থাকবে এবং কলেজ খোলা থাকবে।
সাংগঠনিক কাজ নিয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ হয় বলেও জানান তিনি।
অধ্যক্ষ জানান, শুক্রবার রাতের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি সাতদিনের মধ্যে প্রতিবিদন দেবে। কমিটির সদস্যরা হলেন, ডা. খালিদ হাসান, ডা. কামরুল আহসান ও ডা. সুবীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24