বরিশাল, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসারের সরকারি বাসভবন থেকে তরিকুল ইসলাম (৩০) নামের এক কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
নগরীর রাজাবাহাদুর রোডে এপিবিএন এর কমান্ডিং অফিসার মো. আব্দুর রহিমের বাসভবনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন তরিকুল। তার কনস্টেবল নম্বর ৬৭৭৭।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (শনিবার) দুপুর ২টার দিকে তরিকুল ইসলাম তার হাতে থাকা রাইফেল দিয়ে নিজের বুকে গুলি করেন।"
তিনি বলেন, গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ কমান্ডিং অফিসারের বাসা থেকে গুলিবিদ্ধ তরিকুলকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
সহকারী কমিশনার জানান, রাইফেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের ময়না তদন্ত হয়েছে। এখনও মমালা হয়নি।
মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ডা. আব্দুর রহিম এবং উপ-পুলিশ কমিশনার কাজী মোরতাজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে এপিবিএনের কমান্ডিং অফিসার মো. আব্দুর রহিমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24