সিলেট, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত বাউল শিল্পী শাহ আব্দুল করিমকে দেখতে যান। এ সময় অর্থমন্ত্রী আব্দুল করিমের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন।
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত আব্দুল করিম ১২ দিন ধরে নগরীর নূরজাহান পলিক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
শাহ আব্দুল করিমের ছেলে শাহ নূর জালাল তার বাবার শারীরিক অবস্থা সম্পর্কে অর্থমন্ত্রীকে জানান। মন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে বাউলের চিকিৎসার খোঁজ নেন।
এ সময় সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ ও সিলেট জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আব্দুল হান্নান সেখানে উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী এর আগে সন্ধা ৭টার দিকে নগরীর উপশহরে সিলেটের প্রথম আর্ট গ্যালারি 'শাহ আলম আর্ট গ্যালারি' উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শিল্পীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত। কারণ শিল্পীরা যথাযথ সম্মান না পেলে তাদের শিল্পকর্ম বিকশিত হবে না।"
অর্থমন্ত্রী এ সময় শাহ আলম আর্ট গ্যালারিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন গ্যালারিতে রূপান্তরিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সিলেটের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, চিত্রশিল্পী রফিকুন্নবী, অরবিন্দ দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হ্যারল্ড রশীদ ও গৌতম চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৬৩৮ ঘ.
bdnews24