ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করছে সরকার।
শুক্রবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "১২টি জঙ্গি সংগঠনের তৎপরতার একটি প্রতিবেদন বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তৈরি করা হয়েছিল। কয়েকদিন আগে আলোচনার জন্য এই প্রতিবেদনটি কেবিনেটে পাঠানো হয়। কিন্তু প্রতিবেদনে বিস্তারিত তথ্য ও বিবরণ না থাকায় তা কেবিনেট থেকে ফেরত আসে। এরপরই জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে ইন-ডেপথ প্রতিবেদন তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।"
প্রতিমন্ত্রী বলেন, "জঙ্গি অর্থায়ন, এর সঙ্গে কোন প্রতিষ্ঠান জড়িত রয়েছে, এদের ইন্টারন্যাশনাল লিংক আছে কি না, এদের বিষয়ে কোনও গোয়েন্দা ব্যার্থতা রয়েছে কি না, যদি গোয়েন্দা ব্যর্থতা থেকে থাকে তাহলে কেন হল, এদের রাজনৈতিক যোগাযোগ রয়েছে কি না, জঙ্গি সংক্রান্ত ঘটনা অতীতে কাভারআপ (ধামাচাপা) দেওয়া হয়েছে কিনা, হলে কেন হয়েছে- এসব নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হচ্ছে।"
তানজিম আহমেদ বলেন, আমাদের দেশের মানুষ জঙ্গিবাদের ঘোর বিরোধী। জঙ্গি দমনে সক্রিয় রয়েছে র্যাব-পুলিশ। প্রতিবেদন তৈরি সম্পন্ন হলেই সবাইকে জানানো হবে। বর্তমান সরকার স্বচ্ছতায় বিশ্বাসী।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কালো তালিকাভুক্ত ধর্মভিত্তিক ১২টি জঙ্গি সংগঠন হচ্ছে- জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি), হিজবুত তাওহীদ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), ইসলামী সমাজ, হিজবুত তাহরীর, উলামা আঞ্জুমান আল বাইয়্যিনিয়াত, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি (আইডিপি), তৌহিদ ট্রাষ্ট, শাহাদাৎ-ই-আল হিকমা, তাআমির উদ-দ্বীন বাংলাদেশ (হিজবে আবু ওমর) এবং আল্লার দল।
গত ১৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদনে জঙ্গি সংগঠনের রাজনৈতিক সংশ্লিষ্টতা, অর্থের উৎস, মদদদাতা, তৎপরতা ইত্যাদি বিষয়ে তথ্য-উপাত্ত দিতে বলা হয়।
সে অনুযায়ী ১৬ মার্চ মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র সচিব এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। ওই প্রতিবেদনে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত রয়েছে। বৈঠকে ওই প্রতিবেদনটিকে 'দুর্বল' মন্তব্য করে বলা হয়, এতে জঙ্গি বিষয়ক বিস্তারিত তথ্য নেই। প্রতিবেদনের ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেও অসন্তোষ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/এএনএস/এইচএ/০০৩০ঘ.
bdnews24