কক্সবাজার, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কথিত ইসলামী জঙ্গিবাদ দেশে দৃশ্যমান হয়ে উঠেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, "পশ্চিমারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র না বলে মডারেট মুসলিম স্টেট হিসেবে অভিহিত করে রাষ্ট্রের শাসকশ্রেণীকে সশব্দে পিঠ চাপড়ে দিচ্ছে।"
শুক্রবার সকালে বাংলাদেশ ইতিহাস পরিষদের ৮ম দ্বি-বার্ষিক সম্মেলনের মূল সভাপতির ভাষণে ড. সিরাজুল ইসলাম এ কথা বলেন।
শুক্র ও শনিবার দু'দিনব্যাপী এ সম্মেলনের বিভিন্ন পর্যায়ে অন্যান্য সভাপতি থাকলেও সিরাজুল ইসলাম চৌধুরী সম্মেলনের মূল সভাপতি।
অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, ''যে জাতীয়তাবাদের ধারণার ওপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ একটি রাজনৈতিক সংগ্রামে রূপ নিয়েছিল তার প্রধান ভিত্তিগুলোর একটি ছিল ধর্মনিরপেক্ষতা। অথচ যুদ্ধ জয়ের পর জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা তো বটেই অগ্রসর চিন্তার কোনো কোনো বুদ্ধিজীবীও ধর্মনিরপেক্ষতা বলতে রাষ্ট্রের যে নিজস্ব কোনো ধর্ম থাকবে না সেটা না-বুঝিয়ে উল্টো বোঝাতে চেয়েছেন রাষ্ট্র ধর্মকে সমান মর্যাদা দেবে, অর্থাৎ ধর্মচর্চাকে উৎসাহিত করবে।"
'শুদ্ধ ও সঠিক ইতিহাস চর্চার অঙ্গীকার' নিয়ে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হওয়া দু'দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ আলম।
বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অধ্যাপক ড. মুহিব উল্যাহ ছিদ্দিকী ও জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমদ।
ড. আবু ইউসুফ আলম বলেন, "কোনো জাতিকে সামনে অগ্রসর হতে হলে তার অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। ইতিহাস থেকে শিক্ষা নিতে হলে আগে ইতিহাসটা জানা জরুরি।"
প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতা বিষয়ক বাংলাদেশ স্টাডিজ বিভাগ খোলা দরকার বলে তিনি মনে করেন।
ড. আখতারুজ্জামান জানান, সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক অংশ নিচ্ছেন। এছাড়াও দেশ বিদেশের অন্তত ৫০ জন গবেষক দু'দিনের এ সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24