২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সপ্তাহেও নতুন শিক্ষানীতি কমিটি বসতে পারেনি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নতুন শিক্ষানীতি প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়নের কথা বললেও শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠনের দুই সপ্তাহের মধ্যেও কোন বৈঠক হয়নি। কবে কমিটির প্রথম বৈঠক হবে তাও জানেন না এর সদস্যরা। জানাচ্ছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2009, 01:34 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নতুন শিক্ষানীতি প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়নের কথা বললেও শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠনের দুই সপ্তাহের মধ্যেও কোন বৈঠক হয়নি। কবে কমিটির প্রথম বৈঠক হবে তাও জানেন না এর সদস্যরা। কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাদেকা হালিম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিটি গঠনের বিষয়ে একটি চিঠি পেয়েছি। এরপর আর কোন চিঠি পাইনি।" কমিটি কবে বৈঠক বসবে সে বিষয়েও কোন চিঠিও পাননি বলে তিনি জানান। প্রথম বৈঠকের ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা কমিটির। গত ৮ এপ্রিল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে শিক্ষানীতি প্রণয়ন কমিটি ঘোষণা করেন। তিনি বলেছিলেন, নতুন শিক্ষানীতির আলোকে মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক পাঠ্যক্রম চালু করা হবে। একইসঙ্গে শিক্ষানীতির প্রণয়নের পর কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণে আনার বিষয়টি ঠিক করা হবে। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটিতে লেখক ও বিজ্ঞানের শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল, অর্থনীতি সমিতির নেতা ড. কাজী খলীকুজ্জামান আহমদসহ ১৬ জন সদস্য রয়েছেন। কমিটি ঘোষণার সময় শিক্ষামন্ত্রী বলেছিলেন, "আমরা পাঁচ বছর ধরে কোনো শিক্ষানীতি চর্চা করতে চাই না। এ বছরই যেন নতুন শিক্ষানীতি বাস্তবায়নের কাজ শুরু করতে পারি সেজন্য কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির প্রথম বৈঠক থেকে তার সময় ধরা হবে।" তিনি জানিয়েছিলেন, কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের আলোকে আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে করা ড. শামসুল হক শিক্ষানীতিকেই 'যুগোপযোগী করে' নতুন শিক্ষানীতি করা হবে। স্বাধীনতার পর নয়টি শিক্ষা কমিশন গঠন ও নীতি প্রণয়ন করা হলেও কোনটিই পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বার বার শিক্ষানীতি করেও তা বাস্তবায়িত না হওয়ার পরিপ্রেক্ষিতে স্থায়ী কমিশন ও নীতি তৈরির পক্ষে মত দিয়েছেন শিক্ষাবিদরা। তাদের মতে স্থায়ী শিক্ষানীতি থাকলে তা পরিমার্জনের মাধ্যমে যুগোপযোগী করে বাস্তবায়ন করা সহজ হবে। বারবার শিক্ষা কমিশন গঠনের সমালোচনা করেছেন সরকারের শিক্ষা সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারা দুনিয়ায় শিক্ষায় এত পরিবর্তন হয়ে গেছে আমাদের দেশের শিক্ষা কমিশনগুলো তা উপলব্ধি করতে পারেনি। এতগুলো শিক্ষা কমিশনের কোন দরকারই ছিল না। যেহেতু আমাদের সরকার ও বিরোধীদলের অবস্থান উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে তাই কমিশনের রিপোর্ট ভালো হলেও বাস্তবায়ন হয়নি।" তিনি বলেন, বাস্তবতার সঙ্গে মিল রেখে কমিশন করা উচিত। ৩৮ বছরে নয় কমিশন ও নীতি স্বাধীনতার পর নয়টি শিক্ষা কমিশন গঠন ও নীতি প্রণীত হলেও এখন পর্যন্ত কোন কমিশনের সুপারিশ বা কোন নীতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবশ্যই একটি সুষ্ঠু স্থির শিক্ষানীতি থাকা উচিত। যার ভিত্তিতে মানবসম্পদ উন্নয়নে পরিকল্পনা করা হবে।" একটি স্থায়ী শিক্ষা কমিশন থাকা উচিত- এ মন্তব্য করে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার কি কি পরিবর্তন-পরিমার্জন হবে তা দেখবে এ কমিশন।" স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ১৯৭২ সালের ২৬ জুলাই শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তনের লক্ষ্যে একটি নতুন শিক্ষা কমিশন গঠনের সিদ্ধান্ত নেন। ওই বছরের ২৪ সেপ্টেম্বর খ্যাতনামা বিজ্ঞানী ড. কুদরাত-এ-খুদাকে প্রধান করে ১৯ সদস্যের একটি কমিশন করা হয়। কমিটি ১৯৭৪ সালে প্রতিবেদন জমা দেয়। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার পর ওই প্রতিবেদন কার্যত বাক্সবন্দী হয়ে পড়ে। খুদা কমিশনের মৌলিক নীতির মধ্যে ছিল ১৯৮৩ সালের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা। কিন্তু এ সুপারিশ বাস্তবায়ন হয়নি। এরপর পট পরিবর্তনে সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। ১৯৭৯ সালে জিয়া সরকার এক সময়ের বাম নেতা কাজী জাফর আহমেদকে শিক্ষা উপদেষ্টা নিয়োগ করে। খুদা শিক্ষা কমিশনকে এড়িয়ে কাজী জাফরের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বতীকালীন শিক্ষা নীতি (জাতীয় শিক্ষা উপদেষ্টা কমিটি)। কিন্তু এ কমিটির প্রতিবেদনও সরকার পরিবর্তনের মধ্যে আড়ালে চলে যায়। এ কমিটির সুপারিশে ছিল ১৯৮৩ সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামুলক করা। কিন্তু এটি করা হয় অনেক দিন পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ১৯৯২ সাল থেকে। এ কমিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট সময়ে বাধ্যতামূলকভাবে শিক্ষকতার কাজে নিয়োগের সুপারিশ করছিল। কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। আরেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় এসে ১৯৮৩ সালে আব্দুল মজিদ খানের নেতৃত্বে শিক্ষানীতি ও ব্যবস্থাপনা কমিশন গঠন করে। কিন্তু ছাত্র বিক্ষোভের মুখে এ কমিশন বাতিল করা হয়। ১৯৮৬ সালে মফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে করা হয় আরেকটি শিক্ষা কমিশন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মুখে মফিজউদ্দিন শিক্ষা কমিশনও বাতিল করা হয়। এরশাদ সরকারের পতনের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি সরকার। ক্ষমতায় এসে বিএনপি সরকার ১৯৯৩ সালে গঠন করে 'প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক টাস্কফোর্স'। এর সভাপতি ছিলেন বিজ্ঞান লেখক আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীন। কিন্তু এ কমিশনের প্রতিবেদন আলোর মুখ দেখেনি। ১৯৯৬ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। আবারও নতুন শিক্ষা নীতি। ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শামসুল হকের নেতৃত্বে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন কমিটি গঠন করা হয়। ৫৬ সদস্যের এ কমিটি ১৯৯৭ সালের সেপ্টেম্বরে প্রতিবেদন জমা দেয়। সরকার প্রতিবেদনের সুপারিশ মুল্যায়ন, বাস্তবায়ন ও অর্থায়নের জন্য ড. নজরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যর একটি কমিটি করে। মুল্যায়ন কমিটি ১৯৯৮ সালের ১৩ অক্টোবর তাদের প্রতিবেদন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেয়। এ নিয়ে সংসদে আলোচনা-সমালোচনার হলেও ২০০১ সালে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেটাও চাপা পড়ে যায়। এ শিক্ষানীতির সুপারিশের মধ্যে ছিল- প্রাথমিক শিক্ষাকে আট বছর মেয়াদী করা, প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক ও অভিন্ন শিক্ষাক্রম প্রবর্তন করা, সব প্রাথমিক বিদ্যালয়ে ন্যুনতম ৫টি কক্ষের ব্যবস্থা করা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১ : ৩৫ নির্ধারণ করা। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ আব্দুল বারীর নেতৃত্বে একটি 'শিক্ষা সংস্কার বিশেষজ্ঞ কমিটি' গঠন করা হয়। কিন্তু এ কমিটির সুপারিশও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ওই বছরের ২১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমস্যাবলী চিহ্নিত করে এর উন্নতিকল্পে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। কমিশনের চেয়ারম্যান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞাকে। ২০০৩ সালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চেয়ারম্যানকে কমিশন গঠন সম্পর্কে জানানো হয়। ২৪ সদস্যের এ কমিশন ২০০৪ সালের মার্চে প্রতিবেদন জমা দেয়। এ কমিশনের উল্লেখযোগ্য সুপারিশ ছিল ৩০টি। এসবের মধ্যে ছিল- সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয় সরকারি করা, একমুখী মাধ্যমিক শিক্ষা, প্রাথমিকে শিক্ষক ছাত্রের অনুপাত ১:৩০ এবং মাধ্যমিক বিদ্যালয়ে ১:৪০ করা, একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন ইত্যাদি। স্থায়ী শিক্ষা কমিশন গঠনের সুপারিশ করে ওই কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, তাদের কাজ হবে শিক্ষা কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের ব্যবস্থা করা, চলমান গবেষণার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সমস্যা নিরূপণ ও তার প্রতিকার এবং শিক্ষা ক্ষেত্রে নতুন চিন্তা চেতনার উদ্ভাবন ও তা প্রয়োগে সুপারিশ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএসবি/জিএনএ/১৯৩৮ ঘ.