২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ব্যয় খতিয়ে দেখতে দিকনির্দেশনা তৈরি হচ্ছে

নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যয় খতিয়ে দেখতে নীরিক্ষা প্রতিষ্ঠানের জন্য দিকনির্দেশনা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2009, 07:51 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যয় খতিয়ে দেখতে নীরিক্ষা প্রতিষ্ঠানের জন্য দিকনির্দেশনা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সাংবাদিকদের একথা বলেন। সিইসির সঙ্গে দেখা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিনিধি দল 'নবম জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া নিরীক্ষা: প্রার্থীদের নির্বাচনী প্রচারাভিযান নিয়ে পর্যবেক্ষণমূলক বিশ্লেষণ' শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন তার কাছে হস্তান্তর করে। এতে প্রার্থীদের ব্যয় পর্যবেক্ষণ, প্রাপ্ততথ্য প্রকাশ, ব্যয়ের রিটার্ন যাচাই-বাছাই আইনে অন্তর্ভূক্ত, শাস্তির বিধান সংক্রান্ত আইন সংশোধন এবং আচরণবিধি লংঘনের শাস্তির ব্যবস্থা করার সুপারিশ করা হয়। সিইসি বলেন, "নির্বাচন কমিশনে প্রার্থীরা যে ব্যয় বিবরণী জমা দিয়েছেন তা খতিয়ে দেখার জন্য অডিট ফার্মের জন্য দিকনির্দেশনা তৈরি হচ্ছে। এই দিক-নির্দেশনা অনুযায়ী অডিট ফার্ম ব্যয় বিবরণী খতিয়ে দেখবে।" সিইসির সঙ্গে দেখা করে বেরিয়ে এসে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সিইসি তাদের সুপারিশমালা বিবেচনাসহ গণপ্রতিনিধিত্ব আদেশে প্রয়োজনীয় সংশোধনের আশ্বাস দিয়েছেন। টিআইবির প্রতিবেদনে বলা হয়, নবম জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলেও বেশিরভাগ প্রার্থী নির্ধারিত ১৫ লাখ টাকা ব্যয়ের সীমা মানেননি। টিআইবি'র অভিযোগ প্রার্থীরা একেকজন গড়ে ৪৪ লাখ ২০ হাজার টাকা খরচ করেছেন। ৬ এপ্রিল টিআইবি এ প্রতিবেদন প্রকাশ করে। টিআইবি প্রতিনিধি দলে ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ এম হাফিজউদ্দিন খান, গবেষণা কর্মকর্তা শাহজাদা এম. আকরাম ও গবেষণা কর্মকর্তা সাধন কুমার দাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/টিআর/২০০০ ঘ.