ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি এড স্পাইকার্স বৃহস্পতিবার বলেছেন, বরিশাল ও পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
দক্ষিণাঞ্চলীয় জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির ব্যাপারে ব্যাপকভিত্তিক মূল্যায়নের অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার একথা বলেন।
স্পাইকার্স তার সহকর্মীদের নিয়ে বরিশাল ও পটুয়াখালী সফরের পর এ অভিমত দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্পাইকার্স বলেন, কৃষকদের কথা শুনে তাদের যথাযথ উপকরণ দিয়ে সহায়তা করার পাশাপাশি মানসম্পন্ন প্রশিক্ষণ দিলে নিশ্চিতভাবেই তা সফলতা বয়ে আনবে।
পটুয়াখালীর কৃষিজমি মূলত নিচু এলাকায়। নদী ভাঙনের মুখে একেবারে অরক্ষিত। এছাড়া সামুদ্রিক জলোচ্ছাস ও লবণাক্ততার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।
এফএও প্রতিনিধি কৃষকদের সর্বোচ্চ উপকারের জন্য পানি সম্পদের যথাযথ ব্যবহার ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার ওপর জোর দেন।
এফএও প্রতিনিধি দল চাষীদের নিজেদের গড়ে তোলা পানি ব্যবস্থাপনা নিয়ে একটি প্রকল্প পরিদর্শন করেন। তিনি বুধবার হাজিখালী বাজার ও বড় আউলিয়াপুর নামে দু'টি গ্রাম পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএনএস/এসকে/২৩৫৫ঘ.
bdnews24