মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতির ঝিল প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের টাকা ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে দেওয়া হয়েছে।
তবে সরকার ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করতে গেলেও এখনো পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি।
ক্ষতিপূরণের প্রায় ৪শ' ৮৮ কোটি ১২ লাখ ৯৫ হাজার টাকা ঢাকার জেলা প্রশাসকের (ডিসি) কাছে হস্তান্তর করা হয়েছে।
কয়েকদিনের মধ্যেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষতিগ্রস্তদের বৈধ কাগজপত্রসহ ডিসি অফিসে আসতে বলা হবে।
তবে তালিকা না হওয়ার বিষয়টি অস্বীকার করে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিককে জানান, সরকারের কাছে একটি তালিকা রয়েছে যা প্রকল্প হাতে নেওয়ার পরই তৈরি করা হয়েছিল।
তবে ওই প্রকল্প এলাকার সবাই বৈধ ভূমি মালিক ছিলেন না বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি জানান, প্রাথমিক কাজ শুরুর সময়ই প্রকল্প এলাকার একটি ভিডিওচিত্র তৈরি করা হয়। সেখান থেকেই ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়। তারপরও জেলা প্রশাসকের কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের বৈধ কাগজপত্রসহ আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা বৈধ কাগজপত্র দেখাতে পারবেন, শুধুমাত্র তারাই ক্ষতিপূরণ পাবেন।
মন্ত্রী প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের মোট সংখ্যা জানাতে পারেননি।
রাজধানীর বৃষ্টিসহ বাড়তি পানি ধারণ ও নিষ্কাষণের অন্যতম প্রধান মাধ্যম হাতির ঝিল ও বেগুনবাড়ি খাল সময়ের পরিক্রমায় ভরাট ও বেদখল হয়ে যায়। আইনী জটিলতাসহ নানা কারণে দীর্ঘদিন নিষ্ক্রিয়তার পর গত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দখলমুক্ত করে এটিকে সংরক্ষণ করার উচ্চাভিলাষী এক প্রকল্প হাতে নেওয়া হয়।
বৃষ্টির পানি সংরক্ষণ, জলাধার রক্ষা করে জলাবদ্ধতা দূর এবং রাজধানীর নর্দমা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সৌন্দর্যবন্ধন, পূর্ব-পশ্চিমমুখী রাস্তা ও চিত্ত বিনোদনের জন্য হাঁটাপথ তৈরির লক্ষ্যে এ প্রকল্পটি হাতে নেওয়া হয়।
২০০৭ সালে প্রকল্পটি হাতে নেওয়ার পর সেনাবাহিনীর প্রকৌশল শাখা প্রকল্পের কাজ শুরু করে। এতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল প্রায় এক হাজার ৪শ'৭৩ কোটি ৫৮ লাখ টাকা। পরবর্তীতে প্রকল্পটি সংশোধন করে এর ব্যয় ধরা হয় প্রায় এক হাজার ৪শ'৮০ কোটি ৯৯ লাখ টাকা।
২০১০ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুই বছরে প্রকল্প এলাকার ১৩৯ একর ব্যক্তি-মালিকানার জমি এখনো অধিগ্রহণ করা সম্ভব হয়নি। এছাড়াও প্রকল্প বাস্তবায়নে বিশাল বিজিএমইএ ভবন একটি বড় বাধা যা বিতর্কিত জমিতে নির্মিত।
তবে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভূমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩০৭ঘ.
bdnews24