ফেনী, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রয়াত লেখক ও নাট্যকার ড. সেলিম আল দীনের নামে পাকা সড়ক হচ্ছে ফেনীর সোনাগাজীতে।
বৃহস্পতিবার দুপুরে তার নামে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের নতুন বাজার থেকে দারোগাহাট পর্যন্ত এক কিলোমিটার পাকা সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান ও ড. সেলিম আল দীন স্মৃতি পরিষদের আহ্বায়ক জেড এম কামরুল আনাম।
সেলিম আল দীনের সেনেরখিল গ্রামের বাড়ির পাশ দিয়ে সড়কটি নির্মাণ করছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এতে খরচ হবে ৩২ লাখ টাকা।
সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা মো. শফিউল্যাহ, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম ও সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আবদুল হান্নান।
ড. সেলিম আল দীনের নামে পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.
bdnews24