ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম) - সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থার (এসডিসি) মহা-পরিচালক মার্টিন ডাহিনডেন পাঁচদিনের সরকারি সফরে রোববার বাংলাদেশে আসছেন।
ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, নতুন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এটিই হবে উর্ধ্বতন কোন সুইস কর্মকর্তার প্রথম বাংলদেশ সফর।
এসডিসি আয় ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় পর্যায়ের প্রশাসন সংক্রান্ত প্রকল্পে অর্থ যোগান দিচ্ছে।
বর্তমানে এসডিসি বাংলাদেশকে বছরে দুই কোটি ডলারের সাহায্য দিচ্ছে বলে বিবৃতিতে বলা হয়।
এতে বলা হয়, সফরকালে ডাহিনডেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করবেন। দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করবেন।
সুশীল সমাজ, বেসরকারি সংস্থা, ব্যবসায়ী ও দাতা প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে বিবৃতিতে বলা হয়।
এতে বলা হয়, রাজশাহী বিভাগে এসডিসির আর্থিক সহায়তায় পরিচালিত কয়েকটি প্রকল্পও (প্রগ্রাম) পরিদর্শন করবেন তিনি।
বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/২০১০ ঘ.
bdnews24