ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১ মে থেকে সরকারের চলতি বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হবে। এ বছর অভ্যন্তরীণ বাজার থেকে ছয় থেকে সাত লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে এখনো ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়নি।
বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক তার দপ্তরে সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, চালের ক্রয়মূল্য কোন অবস্থাতেই ২০ টাকার নিচে হওয়া উচিত হবে না বলে তিনি মনে করেন।
মন্ত্রী জানান, আগামী ২৬ এপ্রিল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংবাদিকদের খাদ্য মন্ত্রী জানান, এ বছর সংগ্রহ মূল্য নির্ধারণের ক্ষেত্রে ভোক্তা ও উৎপাদক উভয়ের স্বার্থ বিবেচনা করা হবে। অন্যদিকে তিনি বলেন, কৃষকরা পণ্যের মূল্য না পেলে ভবিষ্যতে উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে।
তবে মন্ত্রী বলেন, চালের ক্রয়মূল্য ২০ টাকার বেশি নির্ধারণ করা হলেও কৃষকদের খুব একটা লাভ হবে না। কারণ হিসাবে তিনি বলেন, সরকারি গুদামে ধান ও চাল সরবরাহে কৃষকদের চেয়ে বেশি এগিয়ে থাকেন মিল মালিকরা। এদের সঙ্গে মধ্যস্বত্ত্বভোগীরাও থাকে। তারাই বেশি লাভবান হবে।
অভ্যন্তরীণ সংগ্রহ শুরু হলে এর ইতিবাচক প্রভাব বাজারে পড়বে বলে মত দেন তিনি।
মন্ত্রী বলেন, "কৃষি ক্ষেত্রে বেশি ভর্তুকি দেওয়াও ঠিক হবে না। এতে অন্য খাতে ভর্তুকির পরিমাণ কমে যাবে। এটা সরকার করতে চায়না।"
ওলন্দাজ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত
এর আগে মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বিয়া টেন টুসার।
মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত সরকারের নির্বাচনী অঙ্গীকারের বিভিন্ন দিক, খাদ্য নিরাপত্তার জন্য পানি ব্যবস্থাপনার গুরুত্ব ও সরকারের বর্তমান চ্যালেঞ্জসহ নানা দিক নিয়ে আলোচনা করেন।
বিয়া টেন টুসার জানান, তার দেশ বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করছে। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের কর্মদক্ষতা বাড়াতে হবে বলে মত দেন তিনি। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে পানি ব্যবস্থাপনা আরো জটিলরূপ নিতে পারে বলে সাবধান করে দেন রাষ্ট্রদূত।
বাংলাদেশে পানি ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করার পরামর্শ দেন তিনি।
অন্যদিকে খাদ্যমন্ত্রী তাকে পানি ব্যবস্থাপনায় দুর্বলতার জন্য বাংলাদেশে প্রতিবছর বন্যায় বিপুল পরিমাণ ফসলের ক্ষয়-ক্ষতি হওয়ার কথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৪৩ঘ.
bdnews24