বগুড়া, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া-সান্তাহার সড়কে যাত্রী পরিবহন নিয়ে বৃহস্পতিবার সকালে সিএনজি চালিত অটোরিকশা ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
এ সময় ২২টি বাস ও অটোরিকশা ভাঙচুর হয়েছে বলে উভয়পক্ষ দাবি করেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন সবকিছু স্বাভাবিক। দুপুর সাড়ে ১২ টা থেকে বগুড়া-সান্তাহার সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়ে এসেছে।
তিনি জানান, দু'পক্ষের মধ্যে এখনও উত্তেজনা রয়েছে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
বগুড়া মটর মালিক গ্র"পের সভাপতি আব্দুল্লাহেল বাকী দাবি করেন, শহরের চারমাথা সড়ক ও জনপথ কার্যালয়ের সামনের ষ্ট্যান্ড থেকে দুপচাঁচিয়ার কাজীপাড়া পর্যন্ত যাত্রী পরিবহনের ব্যাপারে অটোরিকশা মালিকদের সঙ্গে বাস মালিকদের সমঝোতা হয়েছে। কিন্তু প্রায় এক মাস হল অটোরিকশা মালিকরা তা না মেনে চারমাথা বাসষ্ট্যান্ডের সামনে যাত্রী উঠানামা করছে। এছাড়া তারা দুপচাঁচিয়ার কাজীপাড়া পর্যন্ত যাত্রী পরিবহনের সমঝোতা ভেঙে অন্যান্য এলাকায়ও যাতায়াত করছে।
তার দাবি, এ নিয়ে উভয় পক্ষের শ্রমিকদের সংঘর্ষে ৫টি বাস ভাঙচুর করা হয়।
অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ জানান, মিনিবাস মালিক সমিতি অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছে। এর প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় চারমাথায় অটোরিকশা মালিক-শ্রমিকরা সমাবেশ করে।
সমাবেশ চলাকালে মিনিবাস শ্রমিকরা তাদের উপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
এরশাদ দাবি করেন, হামলায় তিনি ছাড়াও রনি, সাজু, ফিরোজ ও গোলাম মোস্তফা নামে আরও চারজন আহত হয়েছেন। তাদের ১৭টি অটোরিকশাও ভাঙচুর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৩ ঘ.
bdnews24